২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিতে পরস্পরের মধ্যে অবিশ্বাস: হাছান মাহমুদ

বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে পরস্পরের প্রতি আস্থাহীনতা বিরাজ করছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2019, 09:48 PM

Updated : 08 Apr 2022, 04:03 PM

তিনি মঙ্গলবার ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার উপ-কমিটির এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন।

হাছান মাহমুদ বলেন, “কাগজে আমি দেখেছি, বিএনপির সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে যৌথভাবে পাঁচজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অনেক সিনিয়র নেতার নাম নেই।

“এটার মাধ্যমে এটাই প্রমাণিত হয় বিএনপির নেতৃত্বের মধ্যে অনেক সন্দেহ, অবিশ্বাস বিরাজ করছে। সেটারই বহিঃপ্রকাশ হচ্ছে মহাসচিবের কর্তৃত্ব খর্ব করা।”

তিনি বলেন, “মহাসচিবের সাথে আরও কয়েকজনকে জুড়ে দেওয়া হয়েছে। আমি কাগজে আরও দেখলাম ঐক্য ফ্রন্টের নেতৃত্বে মহাসচিব একা যেতে পারবে না। একে অপরের প্রতি প্রচণ্ড অবিশ্বাস থেকেই এ সিদ্ধান্ত।”

বিএনপি বাংলাদেশের রাজনীতিতে ভয়ের রাজত্ব কায়েম করেছে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, “২০১৩, ২০১৪, ২০১৫ সালে বিএনপি মানুষের ওপর পেট্রোল বোমা মেরেছে। মধ্যযুগীয় বর্বরতায় হাজার হাজার মানুষকে আগুনে ঝলসে দিয়েছে। পাঁচশর বেশি মানুষকে তারা আগুনে পুড়িয়ে হত্যা করেছে। নিরীহ মানুষের উপর, অন্তঃসত্ত্বা নারীর ওপর, স্কুলফেরত বালকের ওপর, এজতেমাফেরত মুসল্লির ওপর, ঘুমন্ত ট্রাক ড্রাইভারের ওপর পেট্রোল বোমা মেরে হত্যা করেছে।” 

তিনি বলেন, “রাজনীতিতে ভীতি ও অগ্নিসন্ত্রাস সংযোজন করেছে বিএনপি। এটা আমাদের রাজনীতিতে ছিলো না। এমনকি উপমহাদেশের রাজনীতিতে ছিলো না।”

তারেক রহমানকে ফিরিয়ে আনতে চিঠি দেওয়া প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, “যুক্তরাজ্যের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি না থাকায়, তারেক রহমানকে ফেরত পাঠাতে চিঠি দেওয়া হয়েছে।

“এখানে প্রতিহিংসার কোনো বিষয় নেই। আইন আদালতের সম্মান রক্ষার্থেই তাকে ফিরিয়ে আনা প্রয়োজন।” 

হাছান মাহমুদ বলেন, “তিনি (তারেক রহমান) যদি মনে করেন তিনি রাজনৈতিক প্রতিহিংসার সম্মুখীন হচ্ছেন, তাহলে তো তার নিজে থেকে এখানে চলা আসা প্রয়োজন। তার সৎ সাহস থাকলে আদালতে এসে আত্মসমর্পণ করা উচিত। কিন্তু তার সেই সাহস নেই।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ কমিটির সদস্য আশরাফ সিদ্দিক বিটু এবং শাহ মোস্তফা আলমগীর।