একদলীয় শাসনের সব আয়োজন সম্পন্ন: ফখরুল
গণতন্ত্রকে বিসর্জন দিয়ে সরকার ‘একদলীয় ব্যবস্থা’ পুন:প্রবর্তনের চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বুধবার বিকালে এক আলোচনা সভায় তিনি বলেন, “আজকে দেশে যে সংকট সেটা শুধু বিএনপির সংকট নয়। আজকে এই সংকট এতো গভীর যে, এটা জাতির সংকট, এটা রাষ্ট্রের সংকট।
“কারণ এই রাষ্ট্র থেকে চিরতরে গণতন্ত্রকে বিসর্জন দেওয়ার আয়োজন প্রায় সম্পন্ন হয়ে গেছে। এটাকে একটা একদলীয় শাসন ব্যবস্থায় নিয়ে যাওয়ার জন্য সমস্ত চক্রান্ত প্রায় সম্পন্ন, আয়োজন সম্পন্ন। এখন বাংলাদেশের মানুষ পুরোপুরি একটা আবদ্ধ কারাগারের মধ্যে রয়েছে।”
নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, “রাজনৈতিক দল হিসেবে আমাদের নেতৃবৃন্দের সকলের পবিত্র দায়িত্ব হচ্ছে, আজকে এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। আমাদের যে গণতন্ত্র, সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামতে হবে। এই কথাটার ওপর বেশি জোর দিতে চাই, জনগণকে সঙ্গে নিয়ে আমাদেরকে এই আন্দোলন করতে হবে।”
‘নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য’ এর উদ্যোগে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই আলোচনা সভা হয়।
বিএনপির পুনর্গঠন প্রক্রিয়া শুরু হচ্ছে বলে জানান মির্জা ফখরুল।
“আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় অত্যন্ত সঠিকভাবেই আমাদের অঙ্গ সংগঠনগুলোকে পুনর্গঠিত করবার কাজ শুরু করেছেন, সক্রিয় করবার কাজ শুরু করেছেন, বিএনপির সাংগঠনিক জেলাগুলোকে সক্রিয় করবার কাজ শুরু করেছেন।
“আমার বিশ্বাস যে, অতি অল্প সময়ের মধ্যেই আমাদের এই সংগঠন আবার নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হবেই। অনেক ঝড় গেছে, অনেক ঝঞ্ঝা গেছে, অনেক সমস্যার সৃষ্টি হয়েছে তার মধ্যেও বিএনপি কিন্তু উঠে দাঁড়িয়েছে সবসময়।”
তিনি আরও বলেন, “আমাদের মিডিয়া এখন নিয়ন্ত্রিত মিডিয়া। আপনারা লক্ষ্য করে দেখবেন যে, এখানে বিরোধী দলের খবর এখন সবচেয়ে কম ছাপা হয়- তৃতীয় কিংবা চতুর্থ পৃষ্ঠায়। ইলেক্ট্রনিক মিডিয়ায় কয়েক সেকেন্ড খবর দেওয়া হয়।”
খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান বলেন, “দেশনেত্রীর মুক্তির জন্য প্রয়োজনবোধে আমরা স্বেচ্ছায় কারাবরণ করব। স্বেচ্ছায় কারাবরণ করে হয় আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করব নইলে আমরা সকলে জেলে থাকব- এটাই আজকে আমাদের শপথ হোক।”
বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের পরিচালনায় আলোচনা সভায় সাবেক ছাত্র নেতা শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, খায়রুল কবির খোকন, শহিদউদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ বক্তব্য রাখেন।
