জামায়াত যেরূপেই থাক, অপরাধ করলে জবাবদিহি করতে হবে: আইনমন্ত্রী
জামায়াতে ইসলামী ভবিষ্যতে ‘যে রূপেই’ থাকুক না কেন, দলটির মুক্তিযুদ্ধকালীন নেতারা অপরাধমূলক কাজে সম্পৃক্ত থাকলে আদালতে তাদের জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার সচিবালয়ে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তার এমন মন্তব্য আসে।
জামায়াত নিষিদ্ধের আইন করার বিষয়টি কোন পর্যায়ে রয়েছে তা আইনমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন সাংবাদিকরা।
জবাবে তিনি বলেন, “যে মামলাটা আপিল বিভাগে পেন্ডিং আছে সেটা জামায়াতের নিবন্ধন বাতিল করার জন্য। হাই কোর্ট ডিভিশন তাদের নিবন্ধন বাতিলের রায় দিয়েছে। সেটার বিরুদ্ধে তারা আপিল করেছে তা এখন পেন্ডিং আছে।
“আপিলে যদি হাই কোর্ট ডিভিশনের রায় বহাল থাকে, তাহলে জামায়াতের নিবন্ধন বাতিল হবে এবং জামায়াত রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে আর থাকতে পারবে না।”
আইনমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের বিচারের মুখোমুখি করার চেষ্টা সরকার করেছে।
জামায়াত যদি নাম বদলে নতুন রূপে আসে তাহলে তাদের কার্যক্রম চালাতে কোনো বাধা থাকবে কিনা- এমন প্রশ্নে মন্ত্রী বলেন, “জামায়াতে ইসলামী যে রূপেরই আসুন না কেন, তৎকালীন জামায়াতে ইসলামীর যারা ছিল তারা যদি অপরাধ করার মধ্যে সম্পৃক্ত থাকে তবে আদালতে তাদের জবাবদিহি করতে হবে।”
যুদ্ধাপরাধের অভিযোগ নেই এমন কেউ যদি নতুন করে দল করতে চায় তবে আইনগতভাবে কোনো বাধা থাকবে কিনা প্রশ্ন করলে মন্ত্রী বলেন, “সেটা যখন তিনি করতে যাবেন, তখন আমরা খতিয়ে দেখব।”
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাঁড়িয়ে চিহ্নিত যুদ্ধাপরাধীদের পক্ষে যিনি আইনি লড়াই চালিয়েছেন, সেই আব্দুর রাজ্জাক একাত্তরে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে আপত্তির কথা জানিয়ে সম্প্রতি দল ত্যাগের ঘোষণা দেওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়।
অস্তিত্ব রক্ষার চেষ্টায় এটা জামায়াতের কোনো কূটকৌশল কি না- সেই প্রশ্নও এসেছে রাজনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের কাছ থেকে।
সংবাদ মাধ্যমে খবর এসেছে, জামায়াতের নতুন প্রজন্মের নেতারা একাত্তরের ভূমিকার দায় নিতে চান না। সে কারণে তারা দলের নাম বদলে ফেলার বা নতুন করে দল গঠনের পরিকল্পনা করছেন।
৩০ শতাংশ সরকারি আইন কর্মকর্তা পরীক্ষা দিয়ে নিয়োগ
সরকারি মামলা পরিচালনার জন্য ৩০ শতাংশ প্রসিকিউটর (সরকারি আইন কর্মকর্তা) জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।
তিনি বলেন, “আমরা ইনডিপেনডেন্ট প্রসিকিউশন সার্ভিস করার কথা চিন্তা করছি এবং খুব সিরিয়াসলি চিন্তা করছি। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে যেন রিক্রুটমেন্টটা হয় সেই ব্যবস্থা করছি।”
তবে শতভাগ প্রসিকিউটরকে ওইভাবে নিয়োগ দেওয়া ‘বাস্তবসম্মত হবে না’ মন্তব্য করে আনিসুল হক বলেন, “সেজন্য অন্তত ৩০ শতাংশ ইনডিপেনডেন্ট প্রসিকিউশন সার্ভিস এবং ৭০ শতাংশ পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট- আমরা এভাবে শুরু করতে চাই।
“তারপর সাকসেসের উপর নির্ভর করবে ইনডিপেনডেন্ট প্রসিকিউশন সার্ভিসের পারসেন্টেজটা আরও বৃদ্ধি করা হবে কিনা না।”
আনিসুল হক বলেন, “বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন যেভাবে বিজ্ঞ বিচারক নিয়োগের জন্য পরীক্ষা নেন, ঠিক সেভাবেই প্রসিকিউটর নিয়োগের জন্য একটি পরীক্ষা নেওয়ার প্রথা চালু করব।”
কবে থেকে এটা শুরু হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, “আমরা একটা প্রসেসের মধ্যে আছি। আমি এই মুহূর্তে কোনো সময় বেঁধে দিতে পারব না।”
পাবলিক প্রসিকিউটরদের বেতন বাড়ানোর উদ্যোগের বিষয়ে মন্ত্রী বলেন, একজন পাবলিক প্রসিকিউটরের ওপর একটা জেলার উল্লেখযোগ্য ও স্পর্শকাতর মামলাগুলোর ভার থাকে। সেই দায়িত্ব পালনের জন্য তাকে প্রতিদিন ৫০০ টাকা করে দেওয়া হয়।
“সেটা তুলতে কিন্তু আমার ৩০০ টাকা খরচ হয়ে যায়। আর পারিশ্রমিক বোধহয় ৩ হাজার টাকা মাসে। দিস ইজ হোয়াট হি গেটস নাউ।
“এখন আমরা যেটা করার চেষ্টা করছি। এই পদগুলোতে অত্যন্ত পরীক্ষিত ও ভাল আইনজীবী যাতে পাই, সেজন্য এটাকে একটা বেতন কাঠামোর মধ্যে আনার চেষ্টা করছি। আমাদের প্রোপোজালও গেছে।”
এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে বছরে ২৬৭ কোটি টাকা লাগবে বলে জানিয়ে আইনমন্ত্রী বলেন, “অর্থমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। … আমরা চেষ্টায় আছি, জুলাই মাস থেকে এটা শুরু করার।”
তুরিন আফরোজ প্রসঙ্গ
যুদ্ধাপরাধ মামলার এক আসামির সঙ্গে গোপন বৈঠক ও মামলার স্বার্র্থবিরোধী ভূমিকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজকে ট্রাইব্যুনালের সব মামলা পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় গত বছর।
এ বিষয়ে তদন্তে হালনাগাদ কোনো তথ্য রয়েছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, “এই ব্যাপারটা খতিয়ে দেখা হচ্ছে। এখন যে কোনো কমেন্ট যদি আমি করি, তাহলে যেটা হবে… একটা প্রভাব পড়বে। যতক্ষণ পর্যন্ত না জিনিসটা স্পষ্টভাবে আমার কাছে পৌঁছায়, ততক্ষণ পর্যন্ত আমি কমেন্ট করব না।”
২৫ সেপ্টেম্বরকে নিউ ইয়র্ক স্টেটের ‘বাংলাদেশ ইমিগ্রেশন ডে’র ঘোষণার বিষয়ে স্টেট গভর্নরের ঘোষণাপত্র হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে এসব বিষয়ে কথা বলেন আইনমন্ত্রী।
