পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত চান ফখরুল
দশ বছর আগে বিডিআর বিদ্রোহ ঘটনার সেনা তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়ায় হত্যাকাণ্ডের পেছনে কারা রয়েছে, তা চিহ্নিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার সকাল সাড়ে ১০টায় বনানীর কবরস্থানে পিলখানা বিদ্রোহে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পর এই মন্তব্য করেন তিনি।
ফখরুল বলেন, “এই হত্যাকাণ্ডের যে তদন্তগুলো হয়েছিল,সেই তদন্তগুলোর পূর্ণাঙ্গ কোনো প্রতিবেদন এখনও জাতির সামনে প্রকাশ করা হয় নাই। বিশেষ করে সেনাবাহিনী যে তদন্ত করেছিল সেই তদন্ত এখনো পূর্ণাঙ্গ প্রকাশিত হয়নি।
“ফলে স্বাভাবিকভাবে জাতির সামনে প্রশ্ন থেকেই গেছে- এই ভয়াবহ ঘটনার পেছনে মূল কারা ছিল, পরিকল্পনাকারী কারা ছিল, কারা লাভবান হয়েছে; এ বিষয়গুলো সেইভাবে উদঘাটিত হয় নাই। এখানে সুষ্ঠু তদন্ত হয় নাই, আরও সুষ্ঠু তদন্ত হওয়া উচিত বলে আমরা মনে করি।”
বিডিআর সদরদপ্তরে হত্যাকাণ্ডের ঘটনার প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, “এদিনটি আমাদের জন্য, জাতির জন্য কলঙ্কময় দিন। আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপরে এই দিনে আঘাত করা হয়েছিল।
“আমরা বিশ্বাস করি, বাংলাদেশের সেনাবাহিনী নিঃসন্দেহে বাংলাদেশের স্বাধীনতা-সাবভৌমত্বের প্রতীক। তাদেরকে দুর্বল করে দেওয়া, তাদের মনোবলকে দুর্বল করে দেওয়া ছিল সেদিনকার সেই বিদ্রোহের ও হত্যাকাণ্ডের মূল কারণ।”
বিএনপির পক্ষ থেকে এই দিনে জাতীয় শোক দিবস ঘোষণা করার প্রস্তাব রাখেন তিনি।
বিএনপি প্রতিনিধি দলে অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সেনা ও বিমান বাহিনীর কর্মকর্তাদের মধ্যে ছিলেন হাফিজ উদ্দিন আহমেদ, সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, আলতাফ হোসেন চৌধুরী, রুহুল আলম চৌধুরী, ফজলে এলাহী আকবর, কামরুজ্জামান, শাহজাহান মিয়া মিলন, সারোয়ার হোসেন, মিজানুর রহমান, মাহমুদুল হাসান, আমিনুল ইসলাম, শায়রুল কবির খান।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস-বিডিআর সদরদপ্তরে বিদ্রোহে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ ও ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে নৃশংসভাবে হত্যা করা হয়।
পিলখানাসহ দেশের বিভিন্নস্থানে বিডিআর আইনে ৫৭টি বিদ্রোহের মামলার বিচার শেষ হয় ২০১২ সালে। ঢাকার জজ আদালত ২০১৩ সালে পিলখানার হত্যা মামলার রায়ে ১৫২ জনকে মৃত্যুদণ্ড দেয়।ওই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির পর ২০১৭ সালে ১৩৯ জনের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে হাই কোর্ট।
এসব মামলায় ১৮৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২২৮ জনকে তিন থেকে দশ বছরের সাজা দেওয়া হয়।
