ফখরুলরা শিষ্টাচার ভুলে গেছেন: হানিফ
প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া না দেওয়ায় বিএনপি নেতাদের সমালোচনা করে মাহাবুব-উল-আলম হানিফ বলেছেন, তারা শিষ্টাচার ও ভদ্রতা ভুলে গেছেন।
এর মধ্য দিয়ে বিএনপি আলোচনার একটি সুযোগও হারিয়েছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ।
একাদশ সংসদ নির্বাচনের আগে যেসব রাজনৈতিক নেতাদের সঙ্গে সংলাপ করেছিলেন তাদেরকে শনিবার গণভবনে আমন্ত্রণ জানিয়ে শুভেচ্ছা বিনিময় ও চা-চক্রের অয়োজন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ক্ষমতাসীনদের বিরুদ্ধে নির্বাচনে ‘ভোট ডাকাতির’ অভিযোগ তোলা বিএনপি ওই আমন্ত্রণে যায়নি।
বিষয়টি নিয়ে রোববার জাতীয় প্রেস ক্লাবে সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণ সভায় কথা বলেন মাহাবুব-উল-আলম হানিফ।
তিনি বলেন, “আজকে মির্জা ফখরুল ইসলাম সাহেবরা নেতিবাচক রাজনীতির কারণে কোথায় চলে গেছেন! শিষ্টাচার, সভ্যতা, ভদ্রতা সবই তারা ভুলে গেছেন। গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী গণভবনে চা চক্রের দাওয়াত দিয়েছিলেন। যে সমস্ত রাজনৈতিক দল ইতোপূর্বে সংলাপে অংশ নিয়েছিলে তাদেরকে চা চক্রের দাওয়াত দিয়েছিলেন।
“আমরা দেখলাম বিএনপি এবং ঐক্যফ্রন্ট সেখানে যায়নি। উনারা গেলেন না, একটা নিমন্ত্রণ রক্ষা করা আমাদের সমাজের শিষ্টাচার। যারা যায় নাই তারা শিষ্টাচার বহির্ভূত আচরণ করেছেন। এটা কোনো সভ্য আচরণের পর্যায়ে পড়ে না।”
চা চক্রে না গিয়ে বিএনপি আলোচনার সুযোগ হারিয়েছে মন্তব্য করে হাফি বলেন, “গতকালকে ছিল অনানুষ্ঠানিক চায়ের দাওয়াত। সেখানে অনেক আলোচনার সুযোগ ছিল। বিএনপি সরকারের সঙ্গে আলোচনা করতে চান, এখানে সরকার দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করার সুযোগ ছিল। ওনারা সেই সুযোগটা হারিয়েছেন। হারিয়েছেন তাদের মধ্যে শিষ্টাচারের অভাবের কারণে।”
প্রধানমন্ত্রীর আমন্ত্রণ প্রত্যাখ্যান করে বিএনপি ‘ভুল’ করেছে দাবি করে এই আওয়ামী লীগ নেতা বলেন, “বিএনপির নেতিবাচক রাজনীতি এবং বারবার ভুল রাজনীতির কারণে বারবার বিএনপি হোচট খাচ্ছে এবং বিএনপি আবারও সংকটের দিকে হাঁটছে।”
এভাবে চললে বিএনপির অবস্থা মুসলিম লীগের মতো হবে বলে মন্তব্য করেন তিনি।
হানিফ বলেন, “মির্জা ফখরুল সাহেবরা বিভিন্ন সময় নিজেদের ব্যর্থতাকে আড়াল করতে, বিভিন্ন সময়ে অযৌক্তিক খোড়া কথাবার্তা বলে কর্মীদের সান্ত্বনা দেওয়ার চেষ্ট করছেন। নিজেদের মনকে প্রলেপ দেওয়ার চেষ্টা করছেন।
“কিন্ত আমরা আপনাদের পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, আপনারা যে পথে হাঁটছেন আপনাদের সংকট আরও গভীর থেকে গভীরতর হচ্ছে। এভাবে নেতিবাচক রাজনীতির বৃত্তের মধ্যে আবদ্ধ থাকলে আপনাদের পরিণতি মুসলিম লীগের মতোই হবে। এই বাংলাদেশের জনগন আপনাদের নেতিবাচক রাজনীতির কারণে চিরদিনের মতো আপনাদের থেকে মুখ ফিরিয়ে নেবে।”
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের সৃতিচারণ করে হানিফ বলেন, “বাংলাদেশে এমন রাজনৈতিক বিরল।”
‘স্বপ্ন ফাউন্ডেশনের’ সভাপতি রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বক্তব্য রাখেন।
