নির্বাচনে নৌকা জয়ী হলেও মানুষের মন জিতেছে কাস্তে: সেলিম
সংগঠন বিস্তারে নিজ দলের নেতা-কর্মীদের আরো সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সড়কদ্বীপে ব্রিটিশবিরোধী আন্দোলনের মণি সিংহ স্মরণে আয়োজিত এক সভায় তিনি বলেন, “আওয়ামী লীগ সভানেত্রী নির্বাচনে বিপুল ভোটে জিতেছেন, কিন্তু নির্বাচনে মানুষের মন জয় করার প্রতিযোগিতায় কাস্তে মার্কা জয়লাভ করেছে। এই বিজয়ের চেতনা আমাদের ঘরে ঘরে নিয়ে যেতে হবে, কর্মী-সংগঠক তৈরি করতে হবে। এটাই আমাদের পথ। কমরেড মণি সিংহ আজীবন আমাদের এই শিক্ষাই দিয়ে গেছেন।”
স্মরণসভায় মণি সিংহ, পাকিস্তান আমলের রাজনীতি এবং বর্তমান রাজনীতির বিভিন্ন বিষয়ে কথা বলেন সিপিবি সভাপতি।
তিনি বলেন, “আইয়ূব শাহী আমলে আমরা গণতন্ত্র-ভোট-ভাতের অধিকারের রাজনীতি করতাম। ’৭০ এর নির্বাচনে আমাদের মধ্যে কেউ কেউ বলা শুরু করলেন ভাত চাই, ভোট চাই। তারা ভাতের অধিকারকে ভোটের অধিকারের চেয়ে গুরুত্বপূর্ণ মনে করেছিলেন।
“বর্তমানে আমরা আবার সেই আইয়ূবশাহী আমলে ফিরে গিয়েছি। ইদানিং দেখছি অনেকেই বলছেন ভোট চাই, ভাত চাই। তাদের কাছে ভাতের চেয়ে ভোটের অধিকার মুখ্য।”
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, “মণি সিংহের রাজনীতির হাতেখড়ি হয় ব্রিটিশবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। সে সময় কংগ্রেস, মুসলিম লীগসহ অন্যান্য যেসব দল রাজনীতি করেছে, তা ছিল জাতীয়তাবাদী রাজনীতি। সেই সব দলের নেতৃবৃন্দ চেয়েছিলেন ক্ষমতার হস্তান্তর এবং এর ভিত্তিতেই ’৪৭ এর দেশভাগ হয়েছে।
“মণি সিংহ ছিলেন ওই সময়ের সেই সব সূর্যসন্তানদের প্রতিনিধি, যারা চেয়েছিলেন ক্ষমতার রূপান্তর, হস্তান্তর নয়। যারা লড়াই করেছেন একটি শোষণমুক্ত সাম্যের সমাজের জন্য।”
স্মরণ সভায় আরো বক্তব্য দেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ, মণি সিংহের পুত্রবধূ নারী নেত্রী সাকি খন্দকার প্রমুখ।
আলোচনা শেষে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় উদীচী শিল্পী গোষ্ঠী।
