২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশরাফের মৃত্যুতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি স্থগিত

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধের রণাঙ্গনে মুজিব বাহিনীর যোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি স্থগিত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2019, 10:15 AM

Updated : 18 Aug 2022, 04:39 PM

বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সেখানে বলা হয়, “স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঘনিষ্ঠ সহচর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সৈয়দ নজরুল ইসলামের সুযোগ্য পুত্র আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে জাতি আজ গভীর শোকে আচ্ছন্ন।

“মরহুমের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীর জাতীয় ও দলীয় পতাকা উত্তলন পরর্বর্তী সকল কর্মসূচি স্থগিত করা হয়েছে।” 

Image
সৈয়দ আশরাফুল ইসলাম, ফাইল ছবি

সৈয়দ আশরাফুল ইসলাম, ফাইল ছবি

৬৭ বছর বয়সী আশরাফ ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গত কয়েক মাস ধরে। বৃহস্পতিবার রাতে সেখানেই তার মৃত্যু হয়।

হাসপাতালে থেকেই একাদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনের সাংসদ নির্বাচিত হয়েছিলেন আশরাফ। বৃহস্পতিবার নতুন এমপিদের শপথ অনুষ্ঠানের পর স্পিকার শিরীন শারমিন চৌধুরী জানিয়েছিলেন, শপথের জন্য সময় চেয়ে আশরাফ চিঠি দিয়েছেন; তিনি দেশে ফিরে শপথ নিতে চেয়েছেন।

শনিবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৈয়দ আশরাফ ফিরছেন কফিনবন্দি হয়ে।

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দল ও সরকারের এই বিশ্বস্ত সঙ্গীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেছেন, সৈয়দ আশরাফুল ইসলাম তার কীর্তির মধ্য দিয়ে মানুষের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন।

সৈয়দ আশরাফের রাজনীতিতে হাতেখড়ি ছাত্রলীগের মাধ্যমে, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি, ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটিতেও।

১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে জন্মের পর অনেক চড়াই-উৎরাই পেরিয়ে শুক্রবার একাত্তর বছর পূর্ণ করছে ছাত্রলীগ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চার দিনের কর্মসূচি হাতে নিয়েছিল বাংলাদেশের অন্যতম প্রাচীন এ ছাত্র সংগঠন। সৈয়দ আশরাফের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন ছাড়া বাকি সব কর্মসূচিই স্থগিত করা হয়েছে। 

ছাত্রলীগ জানিয়েছে, সৈয়দ আশরাফুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে শুক্রবার জুমার পর দেশের সব সাংগঠনিক ইউনিটে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করবে তারা। 

পুরনো খবর:

সৈয়দ আশরাফ নেই
সৈয়দ আশরাফ স্মরণে যুদ্ধদিনের সঙ্গী নাজিম