২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির বিরুদ্ধে কেন্দ্র দখল ও ভোটের সরঞ্জাম কেড়ে নেয়ার অভিযোগ আ. লীগের

ভোটের আগের রাতে দেশের বেশ কয়েকটি জায়গায় বিএনপির নেতাকর্মীরা কেন্দ্র দখলের চেষ্টা করছে এবং নোয়াখালীতে একটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসারকে মেরে ভোটের সরঞ্জাম কেড়ে নিয়েছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2018, 01:39 AM

Updated : 08 Apr 2022, 07:34 PM

শনিবার মধ্যরাত ১২টায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

এর কয়েক ঘণ্টা আগে চট্টগ্রামের পটিয়ায় বিএনপি কর্মীদের হামলায় আওয়ামী লীগ কর্মী দ্বীন মোহাম্মদ (৩৫) নিহতের কথা তুলে ধরে তিনি বলেন, “নিশ্চিত পরাজয় জেনে বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর পরিকল্পিতভাবে হামলা করছে।”

আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র’ বরদাশত করবে না বলে হুঁশিয়ার করেন তিনি।

আব্দুর রহমানসহ আওয়ামী লীগ নেতারা যখন এই সংবাদ সম্মেলন করছিলেন, তার কিছুক্ষণ আগে নয়া পল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় নৌকা প্রতীকে সিল মারার অভিযোগ করেন দলটির নেতা রুহুল কবির রিজভী।

তার প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান বলেন, “নয়া পল্টন আর গুলশানে বসে বিএনপি নেতারা একের পর এক নির্লজ্জ মিথ্যাচার ও কল্পকাহিনীর মাধ্যমে জাতিকে বোকা বানানোর অপচেষ্টা চালাচ্ছে।”

এছাড়া লন্ডনে বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচন নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগ করেন তিনি।

নির্বাচনী প্রচার শুরুর পর দেশের বিভিন্ন জায়গায় বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হামলায় আওয়ামী লীগের ১০ জন নিহত এবং ৪৬১ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেন আব্দুর রহমান।

তিনি বলেন, “নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আজ রাতে সুনামগঞ্জের ধর্মপাশায় আওয়ামী লীগের সাইফুল ইসলাম ও চট্টগ্রামের পটিয়ায় যুবলীগ নেতাকে নৃশংসভাবে বিএনপি-জামাত সন্ত্রাসীরা হত্যা করেছে। এর মাধ্যমে তারা নির্বাচনের নৈরাজ্য সৃষ্টির নীলনকশা বাস্তবায়ন করেছে।”

তিনি বলেন, “ড. কামাল হোসেন ও মির্জা ফখরুল সাহেবদের পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে বিএনপি-জামায়াতের সশস্ত্র ক্যাডার বাহিনী বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্র দখল করার ষড়যন্ত্র বাস্তবায়ন করছে। নোয়াখালী-২ আসনের ইফতেদাই মাদ্রাসা কেন্দ্রে প্রিজাইডিং অফিসারকে মারধর করে ভোট কেন্দ্র দখলে নিয়েছে এবং হামলায় ছয়জন আওয়ামী লীগের নেতাকর্মী আহত হয়েছে।

“এছাড়া রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি আমতলী ইউনিয়নের যুবদল সেক্রেটারি দেলোয়ারের নেতৃত্বে আওয়ামী লীগের ওপর হামলা চালিয়ে পাঁচজন আহত করেছে। চট্টগ্রামের লোহাগড়ায় বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করেছে। একই সাথে বিভিন্ন জায়গায় ভোট কেনার জন্য আইএসআইয়ের পাঠানো হাজার কোটি টাকা দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করছে।”

আওয়ামী লীগের এই দাবি করেন, ঠাকুরগাঁয়ে কেন্দ্র দখলের চেষ্টাকালে বিনপির ১৪ নেতাকর্মী, যশোরে কেন্দ্র দখলের সময় দুইজন নেতা এবং ব্রাহ্মণবাড়িয়ায় ‘ভোট কেনার’ সময় তাদের নয়জন নেতাকর্মী আটক হয়েছেন।

নির্বাচনের প্রাক্কালে এই ধরনের সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান আব্দুর রহমান।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বি এম মোজাম্মেল হোসেন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

ভোটের সময় নাশকতার শঙ্কায় আওয়ামী লীগ