২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের আগে ঢাকায় সমাবেশ করতে চায় যুক্তফ্রন্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকায় সমাবেশ করতে চায় সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বাধীন জোট যুক্তফ্রন্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2018, 07:05 PM

Updated : 19 Aug 2022, 03:04 PM

আগামী ২৬, ২৭ অথবা ২৮ ডিসেম্বরের মধ্যে যে কোনো এক দিন সোহরাওয়ার্দী উদ্যানে তারা এই সমাবেশ করতে চায়।

যুক্তফ্রন্টের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সরদার শামস আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার বিকালে ডিএমপিতে তারা সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছেন।

“নির্বাচনের আগে সবগুলো দল ও জোটই সমাবেশ করছে। আমরাও এই ধারাবাহিকতায় নিজেদের অঙ্গীকারের কথা জনগণকে জানাতে এই সমাবেশ আয়োজন করছি।”

এদিকে ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের আগে ২৮ ডিসেম্বরের মধ্যে প্রচার বন্ধ করার বাধ্যবাধ্যকতা রয়েছে।

আগামী ২৭ ডিসেম্বর দুপুরে ঢাকায় সমাবেশ করবে ঐক্যফ্রন্ট।

নির্বাচনের আগে যুদ্ধাপরাধী ইস্যুতে কামাল হোসেনের সঙ্গে গড়ে তোলা ঐক্য ভেঙে বি চৌধুরীর বিকল্পধারা গড়ে তোলে নতুন জোট যুক্তফ্রন্ট। বিকল্পধারার নেতৃত্বাধীন এ জোটে অধিকাংশ দলের নিবন্ধন নেই। 

নানা নাটকীয়তার জন্ম দিয়ে বিকল্প ধারা অবশেষে  ভেড়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে। তবে ২৭টি আসনের আশা করা যুক্তফ্রন্ট মহাজোটের কাছ থেকে পায় তিনটি আসন।

বিকল্প ধারা মহাসচিব আবদুল মান্নান লক্ষ্মীপুর-৪, যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী মুন্সীগঞ্জ-১ এবং সভাপতিমণ্ডলীর সদস্য এম এম শাহীন মৌলভীবাজার-২ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন।

এর বাইরে আরও ২০টি আসনে কুলা প্রতীক নিয়ে নির্বাচনেব রয়েছেন যুক্তফ্রন্টের নেতারা।

পুরনো খবর:

মহাজোটের বাইরে কুলা প্রতীকে যুক্তফ্রন্টের ২০ প্রার্থী