সংলাপে দেওয়া প্রধানমন্ত্রীর কথা রাখা হচ্ছে না: ফখরুল
নির্বাচন সামনে রেখে ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া কথা এখন মানা হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী সংলাপে সকলের সামনে কথা দিয়েছিলেন যে, তফসিল ঘোষণার পর থেকে আর গ্রেপ্তার হবে না। একটা কথাও তার সরকার রাখেনি বা তিনি রাখতে দেননি। গ্রেপ্তার চলছেই। আমাদের সংসদ সদস্য প্রার্থী যারা এখন পর্যন্ত ১৪ জন কারাগারে। আমাদের প্রতিদিন দুইশ থেকে তিনশ গ্রেপ্তার হচ্ছে।”
বিএনপি নেতাকর্মীরা হাই কোর্ট থেকে জামিন নিয়ে বেরোনোর সময় গেট থেকে আবার গ্রেপ্তার করে নতুন মামলায় কারাগারে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন ফখরুল।
“অত্যাচার-নির্যাতনের শেষ নেই। এখন নতুন করে শুরু হয়েছে আমাদের প্রার্থিতা বাতিল। সেটা কোথায় গিয়ে দাঁড়াবে, জানি না।”
এই পরিস্থিতিতে শুধু জনসমর্থনের কারণেই বিএনপি নির্বাচনের মাঠে টিকে আছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, “আপনার যদি দেখেন নির্যাতন-নিপীড়ন-গ্রেপ্তারের ঘটনা তাহলে কল্পনা করতে পারবেন না যে, আমরা এখনো টিকে আছি কী করে মাঠে। আমরা টিকে আছি শুধু একটি কারণে, সেটা হচ্ছে মানুষের সমর্থন। যেখানেই আমরা গেছি আমাদের জন্য মানুষ বেরিয়ে আসছে।
“গতকাল আমরা কুমিল্লা গিয়েছিলাম। যে আসনটিতে (কুমিল্লা-১০) বক্তব্য রেখেছি সেখানের প্রার্থী মনিরুল হক চৌধুরী জেলে। আমাদের সেখানে বিকল্প প্রার্থী আবদুল গফুর ভুঁইয়া ও মোবাশ্বের আলী ভুঁইয়া সাহেব তারাও জেলে। তারপরেও লক্ষ মানুষ সভায়। চান্দিনায় গেছি, বগুড়ায় গেছি সেখানে মানুষের ঢল দেখেছি। জনগণের এই শক্তির উপর ভিত্তি করেই আমরা এগিয়ে যাচ্ছি।”
বিএনপি সমর্থিত পেশাজীবী সংগঠনের নেতাদের নিয়ে বৃহস্পতিবার বিকালে এক মতবিনিময় সভায় এই বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নির্বাচন সামনে রেখে গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুই দফায় জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ হয়।
“এখন আমাদের দায়িত্ব হচ্ছে, মানুষকে জাগিয়ে তোলা। এই রাষ্ট্র জনগণের, প্রতিরোধ তাদেরই করতে হবে। এই ধরনের ষড়যন্ত্র-চক্রান্তকে ব্যর্থ করতে হবে এই জনগণকে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের জাতীয়তাবাদী রাজনীতির অতন্দ্র প্রহরী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে নির্দেশ সেই নির্দেশ অনুয়ায়ী লড়াই-সংগ্রাম করতে থাকি শেষ পর্যন্ত। মানুষের চোখের যে ভাষা আমরা দেখেছি, মানুষের মধ্যে যে আকুতি আমরা দেখেছি তাতে এই নির্বাচনে অবশ্যই আমরা জয়ী হব, ইনশাল্লাহ।”
প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে ফখরুলের শঙ্কা
বিএনপি জাল ব্যালট পেপার ছাপাচ্ছে কি না, সে বিষয়ে নেতাকর্মীদের খোঁজ নেওয়ার যে আহ্বান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা রেখেছেন তাতে শঙ্কিত হয়ে উঠেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তার এই বক্তব্যকে ‘সরকারের আরেকটি অপকর্মের আগাম ঘোষণা’ বলে মনে করছেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, “আপনারা প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রায় খেয়াল করবেন, যেটা উনি করবেন সেটা আগে বলে দেন। চোরাই ব্যালট ছাপানো। ব্যালট তো ছাপাবেন আপনারা। কারণ ব্যালট ছাপানোর অধিকার আপনাদের। আর ছাপানো হয়েও গেছে।
“আমরা আসল ব্যালটে ভোট দিতে চাই। সেই ব্যালট তো নিতে দিচ্ছেন না! এই কথা বলে জনগণকে বিভ্রান্ত করে আরেকটা অপকর্ম করবার যে একটা আগাম ঘোষণা দিয়েছেন, সেজন্য আপনাকে (প্রধানমন্ত্রী) ধন্যবাদ।”
নির্বাচন কমিশন ‘ঠুঁটো জগন্নাথ’
নির্বাচন কমিশনের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে তারা কোনো কাজ করছে না।
“এই নির্বাচন কমিশন একটা ঠুঁটো জগন্নাথ। তাদের কোনো ক্ষমতা নেই। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, আ স ম আবদুর রব, কাদের সিদ্দিকীসহ আমরা সেখানে গেছি। আড়াই ঘণ্টা কথা বলেছি । তারা চুপ করে থাকেন কোনো উত্তরই দেন না।
“মনে হয় যে, অসহায়-এই ধরনের মনে হয়। যা-ই হোক তারা কিছু করতে পারেননি। তাদের ক্ষমতা আছে বলে মনে হয় না।”
এরমধ্যেই অধিকার আদায়ের জন্য নেতাকর্মীদের লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, এবারের নির্বাচন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এই নির্বাচনেই ঠিক হবে বাংলাদেশ ‘গণতন্ত্রে ফিরবে’ নাকি ‘একনায়কতান্ত্রিক স্বৈরতন্ত্রে’ চলে যাবে বলে মন্তব্য করেন তিনি।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই মতবিনিময় সভা হয়। পেশাজীবী নেতাদের মধ্যে রুহুল আমিন গাজী, শওকত মাহমুদ, মাহফুজুল্লাহ, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, অধ্যাপক এ কে এম আজিজুল হক, অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক তাজমেরী ইসলাম, অধ্যাপক বোরহান উদ্দিন, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া উপস্থিত ছিলেন।
