২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঐক্যফ্রন্টের প্রার্থী ফজলে রাব্বি চৌধুরীর মৃত্যু

একাদশ সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থী জাতীয় পার্টির (কাজী জাফর) ভারপ্রাপ্ত সভাপতি টি আই এম ফজলে রাব্বি চৌধুরী মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2018, 11:22 AM

Updated : 19 Aug 2022, 03:03 PM

গাইবান্ধা-৩ আসনের ছয়বারের এমপি সাবেক মন্ত্রী ফজলে রাব্বি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিলো ৮৪ বছর।

তার দলের প্রেস উইংয়ের প্রধান গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাত ২টার দিকে অসুস্থ হয়ে পড়লে ফজলে রাব্বি চৌধুরীকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার জোহরের পর বনানীর চেয়ারম্যান বাড়ি মসজিদে ধানের শীষের এই প্রার্থীর জানাজা হবে। শুক্রবার সকালে তার মরদেহ নিয়ে যাওয়া হবে গাইবান্ধায় তার নির্বাচনী এলাকা পলাশবাড়ীতে। সেখানে আরেক দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

ফজলে রাব্বি চৌধুরীর মৃত্যুর খবরে সকালে ইউনাইটেড হাসপাতালে ছুটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, প্রেসিডিয়াম সদস্য এএসএম আলম, জাফরুল্লাহ খান চৌধুরী, শফিউদ্দিন ‍ভুঁইয়া, যুগ্ম মহাসচিব এএসএম শামীমসহ দলের জ্যেষ্ঠ নেতারাও এ সময় হাসপাতালে ছিলেন।

আশির দশকে এইচ এম এরশাদের মন্ত্রিসভায় ভূমি ও সংস্থাপন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ফজলে রাব্বি চৌধুরী।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য জাতীয় পার্টির টিকেটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ছয় বার।

২০ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদের মৃত্যুর পর তিনি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন।

একাদশ নির্বাচনে ফজলে রাব্বি চৌধুরী ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে গাইবান্ধা- ৩ আসনে প্রার্থী হয়েছিলেন। দুদিন আগেও নিজের নির্বাচনী এলাকায় গণসংযোগে অংশ নেন তিনি। শুক্রবার আবারও তার গাইবান্ধা গিয়ে প্রচারে অংশ নেওয়ার কথা ছিল।

এই রাজনীতিবিদ স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় পার্টি (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার।