২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজিতপুরে নৌকার মনোনয়ন নিয়ে ধানমণ্ডিতে বিক্ষোভ

কিশোরগঞ্জ-৫ আসনে নৌকার মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে ঢাকায় আওয়ামী লীগ অফিসের সামনে বিক্ষোভ করেছে দুই শতাধিক নেতাকর্মী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2018, 03:42 PM

Updated : 11 Oct 2022, 12:48 PM

কিছুক্ষণ পর পুলিশ এসে তাদের সরে যেতে বললেও ‘আফজাল ছাড়া নৌকা চাই/নিকলী-বাজিতপুরবাসী পরিবর্তন চায়’ স্লোগান চলতে থাকে।

এক পর্যায়ে পুলিশ ব্যানার কেড়ে নিয়ে লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে বর্তমান এমপি আফজাল হোসেনকেই মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

ওই আসনে নৌকার মনোনয়নপ্রত্যাশী আরও কয়েকজন বেশ কিছুদিন ধরেই একাট্টা হয়ে আফজালের বিরুদ্ধে মিছিল সমাবেশ করে আসছিলেন নির্বাচনী এলাকায়।

কার পক্ষে মিছিল করতে এসেছেন- এ প্রশ্নে বিক্ষোভকারীদের একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আফজাল ছাড়া নৌকা চাই। আমরা কোনো প্রার্থীর পক্ষে স্লোগান দিচ্ছি না। আমরা প্রার্থীর পরিবর্তন চাই।”

গত রোববার সারা দেশে নৌকার মনোনীত প্রার্থীদের প্রত্যয়নের চিঠি দেয় আওয়ামী লীগ। এরপর বিভিন্ন জায়গায় ক্ষোভ-বিক্ষোভ ও অবরোধের খবর পাওয়া গেছে। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, এ পর্যন্ত ২৩১টি আসনে মনোনয়নের চিঠি দিয়েছেন তারা।