হুমকি দিয়ে ফায়দা লোটা যাবে না, ফখরুলকে হানিফ
বিএনপির হুমকিতে অবস্থান না বদলাতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।
সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি বলেন, “বিএনপি হুমকি-ধমকি দিয়ে নির্বাচন কমিশন থেকে ফায়দা লোটার চেষ্টা করছে। নির্বাচন কমিশনকে বলবো, কোনো ধরনের হুমকিধমকিতে নিরপেক্ষতা থেকে নড়বেন না।”
বিএনপি মহাসচিবের উদ্দেশে হানিফ বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, নির্বাচনে জয়লাভ করার জন্য আপনাদের ১৫১ আসনে জয়লাভ করতে পারবেন না কি না, সেটা পরের ব্যাপার। আগে আপনার নিজের আসন থেকে জয় পাবেন কি না, সেটা দেখেন।
“ফখরুল সাহেব, আপনাদের লজ্জা হওয়া উচিত; হেলমেট পরে বিএনপি অফিসের সামনে কারা পুলিশের উপর আক্রমণ করেছিল এটা এখন জাতির সামনে পরিষ্কার। এ নিয়ে আপনারা নির্লজ্জ মিথ্যাচার করেছেন। এভাবে মিথ্যাচার করে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার কোন সুযোগ এখন আর নেই।”
হানিফ বলেন, “একজন সন্ত্রাসী তারেক রহমান দণ্ড মাথায় নিয়ে বিদেশে বসে কী করে ভিডিও কলে দলের সাক্ষাতকার নেয়? আমরা নির্বাচন কমিশনের কাছে এটা জানিয়েছিলাম।
“আমরা চাই নির্বাচন কমিশন আরও শক্ত ভূমিকা রাখুক। আপনাদের শক্ত ভূমিকা জাতি দেখতে চায়। কারও ধমকে দুর্বল হওয়ার কারণ নেই। জাতির প্রত্যাশা অনুযায়ী অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আপনারা জনগণকে উপহার দিবেন বলেই আমরা আশা করছি।”
হানিফ বলেন, “জ্বালাও-পোড়াও করে, হুমকি-ধমকি দিয়ে রাজনৈতিক ফায়দা লোটার কোনো সুযোগ নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে এবং জনগণ আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করবে এটাই আমরা আশা করছি।”
ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ১২তম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত এই সভায় মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ এবং সাংসদ হাজি মোহাম্মদ সেলিম।
