সময়ের ডাক শুনেছি: মাশরাফি
বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের ব্যান্ড এখনও তার বাহুতে, বিশ্বকাপের আগে দলীয় মনোনয়নে ভোটের মাঠে নেমে মাশরাফি বিন মর্তুজা কি নিজের গ্রহণযোগ্যতার পরিসর সীমিত করে ফেললেন? তিনি নিজে তা মনে করেন না।
মাশরাফি বলছেন, সময়ের ডাকে সাড়া দিতেই তার আজ রাজনীতিতে আসা। তার বিশ্বাস, ‘সব সচেতন, যোগ্য ও ভালো মানুষের’ রাজনীতিতে আসা উচিত। আর নতুন কিছুর সম্ভাবনায় তিনি ‘রোমাঞ্চিত’।
আওয়ামী লীগের প্রার্থী হিসেবে একাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার চিঠি পাওয়ার পর রোববার সকালে নড়াইল-২ আসন মাশরাফির জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। আর রাতে এক ফেইসবুক পোস্টে তিনি ব্যাখ্যা দিলেন- কেন তিনি রাজনীতিতে এলেন, কেনইবা নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন।
“আমি বিশ্বাস করি, বাংলাদেশের সব সচেতন, যোগ্য ও ভালো মানুষের রাজনীতিতে আসা উচিত। অনেকেই হয়তো সাহস করে উঠতে পারেন না নানা কারণে, মানসিক সীমাবদ্ধতায়। আমার মনে হয়েছে, মানসিক বাধার সেই দেয়াল ভাঙা জরুরি। তাই ভেতরের তাগিদ পূরণের উদ্যোগটা আমিই নিলাম।”
যে মাশরাফি খেলার মাঠে দল-মত নির্বিশেষ বাংলাদেশের সব মানুষের অকুণ্ঠ ভালোবাসা পেয়ে এসেছেন, ভোটের রাজনীতিতে নাম লিখিয়ে সবার সেই সমর্থন কি তিনি পাবেন? তার এ সিদ্ধান্ত নিয়ে ভক্তদের কারও কারও মধ্যে যে প্রশ্ন আছে, সে বিষয়ে তিনি নিজেও সচেতন।
“ক্রিকেটের মাঠে দেড় যুগ ধরে তিলতিল করে গড়ে ওঠা মাশরাফির অবস্থান হয়তো আজ অনেকের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে রাজনীতির মাঠে নামার কারণে। কিন্তু আমি নিজে সত্যিকার অর্থেই রোমাঞ্চিত নতুন কিছুর সম্ভাবনায়। আমি আশা করি এমন কিছু করতে পারব, যা দেখে ভবিষ্যতে হাজারও মাশরাফি এগিয়ে আসবে ইনশাল্লাহ।”
দুটি বল করে, কয়েকটি আনন্দের মুহূর্ত উপহার দিয়ে, দুজনকে জড়িয়ে ধরেই যদি ভালো মানুষ হওয়া যায়, শুধু তেমন ভালো মানুষ হওয়ার ইচ্ছা কখনোই ছিল না, বলছেন মাশরাফি
“সবসময় বিশ্বাস করেছি, রাজনীতি ছাড়া দেশের উন্নয়ন জোরালোভাবে সম্ভব নয়। ক্রিকেট খেলেছি, আপনাদের ভালোবাসা পেয়েছি। নাহলে হয়তোবা ২০১১ সালেই হারিয়ে যেতাম। এই মাশরাফিই হয়তো এতদিনে থাকতো না।
“এবার আমার সামনে সুযোগ এসেছে আমার দেশের মানুষের জন্য কিছু করার। বিশ্বকাপের পরের সাড়ে চার বছর আমার জন্য কী অপেক্ষায় আছে, সেটাও জানি না। তাই আমি সময়কে মূল্যায়ন করেছি। সময়ের ডাক শুনেছি। কারণ আমি বিশ্বাস করি, সময়ের কাজ সময়েই করা উচিত।”
ঢাকা প্রিমিয়ার লিগে গত মওসুমে আবাহনীর হয়ে খেলা মাশরাফি রাজনীতির মাঠে কেন দল হিসেবে আওয়ামী লীগকে বেছে নিলেন- সে উত্তরও দিয়েছেন।
“বঙ্গবন্ধুকে দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু তার কথা জেনে, উপলব্ধি করেই বেড়ে উঠেছি। পড়াশোনা করে, অনেকের কাছে শুনে যতটুকু জেনেছি, সেসব থেকেই উনাকে হৃদয়ে ধারণ করেছি। আর মুক্তিযুদ্ধের চেতনা পারিবারিকভাবেই আমার অস্থি-মজ্জায়, মননে-মগজে।
“এখন বঙ্গবন্ধু-কন্যা জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন কাজ করছেন, তার সারথি হয়ে আমার এলাকার জন্য কিছু করতে চাই। এটা যদি করতে না পারি, তাহলে আমার কাছে মনে হবে, আমার এলাকার প্রতি আমি মোটেও সুবিচার করছি না। বঞ্চিত করছি।”
ফেইসবুক পোস্টে তিনি লিখেছেন, “ক্রিকেট খেলতে খেলতে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে যতটুকু সামাজিক কাজ করেছি; আমার মনে হয়েছে, সেটুকুই যথেষ্ট নয়। আরও বড় পরিসরে করার সুযোগ খুঁজেছি সবসময় এবং রাজনীতি আমাকে সেই সুযোগটা করে দিচ্ছে।”
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ স্টিভ রোডসের বিচারে মাশরাফি বিন মুর্তজা অধিনায়ক হিসেবে ‘অতুলনীয়’ তার অনুপ্রেরণাদায়ী ভূমিকার কারণে। খেলার মাঠে মাশরাফি একজন যোদ্ধা নেতা, যে সবার কাছ থেকে সেরাটা বের করে আনে।
রাজনীতিতে মাশরাফির দর্শন কী হবে? নির্বাচিত হলে একজন আইনপ্রণেতার ভূমিকায় কেমন মাশরাফিকে ভোটাররা পাবে?
তিনি লিখেছেন, “কোনো ব্যক্তি বা কোনো দলকে আঘাত করার জন্য আমি রাজনীতিতে আসছি না। যে যার আদর্শ নিয়ে সুন্দর জীবন-যাপন করবে, পারস্পরিক ভ্রাতৃত্ববোধে সহনশীল ও সহযোগিতাপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি বিরাজ করবে, সেটিই আমার চাওয়া।”
মাশরাফির বিশ্বাস, সব সচেতন, যোগ্য ও ভালো মানুষেরই রাজনীতিতে আসা উচিত
“দুটি বল করে, আপনাদের কয়েকটি আনন্দের মুহূর্ত উপহার দিয়ে, দুজনকে জড়িয়ে ধরেই যদি ভালো মানুষ হওয়া যায়, তাহলে স্রেফ এরকম ভালো মানুষ হওয়ার ইচ্ছা আমার কখনোই ছিল না।
মাশরাফি জানেন, ভোটে জয় পাওয়া হবে তার জন্য একটি পরীক্ষা। তবে জয়ী হলে আরও বড় পরীক্ষার মুখোমুখি তাকে হতে হবে। সেটা হবে নিজেকে প্রমাণ করার পরীক্ষা।
“সত্যিকার অর্থেই আমি কেমন মানুষ, আমার বিশ্বাস, সেটি বিচার করার সময় সামনে। যদি আমি নির্বাচনে জয়লাভ করতে পারি এবং আমার দল সরকার গঠন করে, তারপর আমার কর্মেই ফুটে উঠবে আমি কতটা ভালো মানুষ।”
বলা যত সহজ, করে দেখানো যে তার চেয়ে অনেক বেশি কঠিন, তা মাশরাফিও মানেন। তবে সেই চ্যালেঞ্জটা তিনি নিতে চান।
“চাইলেই আমি নিজের সহজাত পরিবেশের ভেতর থাকতে পারতাম। কিন্তু আমি স্বপ্ন দেখি, আমার এলাকার মানুষ সমৃদ্ধির পথে আরেক ধাপ এগিয়ে যাক। আলো ছড়িয়ে পড়ুক নড়াইলবাসীর উপর। আমি চাই সমৃদ্ধ নড়াইল। সেই পথে আমার যত কষ্টই হোক, আমি থাকবো আমার প্রিয় নড়াইলবাসীর পাশে।”
মাশরাফি লিখেছেন, “কোনো ব্যক্তি বা দলকে আঘাত করার ইচ্ছে আমার নেই। আমি সময়ের দাবি মেটানোর চেষ্টা করছি মাত্র। আশা করি, আপনাদের ভালোবাসা আমাকে এই ইনিংসেও সামনে এগিয়ে নিয়ে যাবে। আপনাদের সমর্থন ও দোয়ায় সিক্ত হতে চাই।”
