সংলাপের চিঠি পেয়েছে বাম জোট
একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিরোধপূর্ণ অবস্থানের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ক্ষমতাসীনদের সংলাপের অংশ হিসেবে মঙ্গলবার গণভবনে যাচ্ছে সিপিবি-বাসদসহ আট দলকে নিয়ে গঠিত বাম গণতান্ত্রিক জোট।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ রোববার বিকাল ৫টার পর সংলাপের আমন্ত্রণপত্র নিয়ে সিপিবি কার্যালয়ে যান।
সিপিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বাম গণতান্ত্রিক জোটকে প্রধানমন্ত্রীর সংলাপে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে চিঠিতে।
এর আগে সকালে আওয়ামী লীগের পক্ষ থেকে মঙ্গলবারের সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানানো হলেও আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হাতে না পাওয়ার কথা জানিয়েছিলেন জোটের সমন্বয়ক সাইফুল হক।
“আজ সকালে আওয়ামী লীগ অফিস থেকে দলের একজন ঊর্ধ্বতন ব্যক্তি ফোন করে ৬ নভেম্বর গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের প্রস্তুতি নিতে বলেছেন।
“ঊর্ধ্বতন ওই ব্যক্তি আমাকে বলেছেন, সংলাপের বিষয়ে ফোনে আগেভাগে জানালেও আজ বা কালের মধ্যে চিঠি দিয়ে আমাদের বাম গণতান্ত্রিক জোটকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হবে।”
পরে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াও জানিয়েছিলেন, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বাম জোটের সঙ্গে সংলাপ হবে।
এরপরই বিকালে সংলাপের আমন্ত্রণপত্র নিয়ে সিপিবি কার্যালয়ে যান আবদুস সোবহান গোলাপ।
বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে সংলাপে অংশ নেওয়ার জন্য আগেই ১৬ জনের নামের একটি তালিকা পাঠানো হয়েছে জানিয়ে জোটের সাইফুল হক বলেন, “আমরা সংলাপে অংশ নেওয়ার ব্যাপারে প্রস্তুত আছি।”
একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ইসির প্রস্তুতির মধ্যেই অপ্রত্যাশিতভাবে সংলাপের আহ্বানে সাড়া দিয়ে গত বৃহস্পতিবার জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে গণভবনে আলোচনায় বসেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর অন্যান্য দল ও জোটও সংলাপের আগ্রহ দেখালে তাদেরও আমন্ত্রণ পাঠানো হয় গণভবন থেকে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বলা হয়, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার জন্য সংবিধানসম্মত যে কোনো বিষয়ে আলোচনার জন্য তার দুয়ার রাজনৈতিক দলগুলোর জন্য খোলা।
