এখনও কিছুই করিনি, তাতেই সরকারের যে অবস্থা: মান্না
জাতীয় ঐক্যফ্রন্টের সাত দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জোটের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্না।
তিনি বলেছেন, “কিছুই করি নাই, তাতে তাদের (সরকার) যে অবস্থা। কিছু করলে কী হবে?
“পরশুদিন সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের জনসভা। আমরা আরও বড় করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব। মাননীয় প্রধানমন্ত্রী শুনে রাখুন, ৬ তারিখে আমরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব।”
একাদশ সংসদ নির্বাচনের আগে কামাল হোসেনের নেতৃত্বে বিএনপিকে সঙ্গী করে গঠিত জোট জাতীয় ঐক্যফ্রন্ট এখন পর্যন্ত জনসভার বাইরে কোনো কর্মসূচি দেয়নি।
৭ দফা দাবি নিয়ে ফ্রন্টের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপ করলেও প্রত্যাশিত সমাধান না পাওয়ার কথা জানিয়ে আবারও আলোচনায় বসতে চেয়েছেন।
আলোচনায় আসার পর তাদের আন্দোলনের হুমকি নিয়ে শনিবার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপে ঐক্যফ্রন্ট নেতাদের আন্তরিকতা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন।
তার পরদিন রোববারই এক আলোচনা সভায় প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ‘বড় আন্দোলন’র হুমকি দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্না।
তবে তিনি বলেন, “আন্দোলন মানে সহিংসতা নয়, আন্দোলন মানে ভাংচুর নয়। কোনো রকম অগ্নিসন্ত্রাস নয়। সন্ত্রাস আপনারা করছেন। খুন-গুমের ইতিহাস আপনাদের সবচাইতে বেশি।”
মান্না বলেন, “গতকাল এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, সংলাপ করবেন তাহলে আবার আন্দোলনের কর্মসূচি কেন? আমরা আন্দোলনের কোনো কর্মসূচি দিইনি, বরং আপনি করছেন।
“পরীক্ষা বন্ধ করে, বাস বন্ধ করে, ফ্লাইওভার বন্ধ করে রাস্তা দখল করে জনসভা করছেন। আপনি (প্রধানমন্ত্রী) জবাব দেন আপনি করছেন কেন? আপনি যেখানে সেখান জনসভা করবেন, কী রাইট আছে পরীক্ষা বন্ধ করার।”
‘গায়েবী’, ‘রাজনৈতিক’ ও ‘হয়রানিমূলক’ মামলার তালিকা দিয়েই জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে এবার সংলাপে বসতে চান বলে জানান তিনি।
মাহমুদুর রহমান মান্না (ফাইল ছবি)
“যদি মনে করেন, গতবারের ৫ জানুয়ারির মতো করে একটা ওয়াকওভার নিয়ে চলে যাবেন। এই বার কোনো ওয়াকওভার পাবেন না। এবার আপনাদেরকে সর্বক্ষেত্রে লড়াইয়ের মোকাবেলা করে যেতে হবে।”
সংলাপে সভা-সমাবেশ করা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গে টেনে মান্না বলেন, “আমি সংলাপে ৭টা গুরুত্বপূর্ণ কথা বলেছি। এরই মধ্যে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে তারা কথা বলেছেন। মূল ব্যাপারে তারা কোনো কথা বলেননি।”
জাতীয় ঐক্যফ্রন্ট খালেদা জিয়াকে মুক্তি দিয়ে, সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি তুলেছে। সেই সঙ্গে ভোটের সময় বিচারিক ক্ষমতা দিয়ে সেনা মোতায়েন এবং ইসি পুনর্গঠনের দাবিও তাদের রয়েছে।
মান্না বলেন, “জনসভা করবার অনুমতি দিলাম, এটা কোনো মহানুভবতা নয়। জনসভা করা আমার অধিকার। আমি কথা বলছি, সেই কথা আপনি ঠেকিয়ে রেখেছেন কেন? নিজে আগে সরি বলেন। বলেন অন্যায় করেছি। আপনি বলছেন না- আমি জনসভা করবার অনুমতি দিয়েছি।। মনে হচ্ছে মহারাজার কাছে আমরা গেছি, উনি দয়া করে অনুমতি দিয়েছেন- তুমি কথা বলতে পারো। তোমার মুখে টেপ লাগিয়ে ছিলাম- এই টেপটা খুলে দিলাম। এটার নাম গণতন্ত্র নয়।”
সভা-সমাবেশ করার অনুমতির বিষয়ে এখনও কোনো কার্যকর পদক্ষেপ নেই বলে দাবি করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক।
জাতীয় প্রেস ক্লাবে জাতীয় মানবাধিকার আন্দোলনের প্রথম প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন মান্না।
এতে মুহাম্মদ মাহমুদুল হাসানকে সভাপতি করে সংগঠনটির ৭১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
মাহমুদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, জাগপার কেন্দ্রীয় সদস্য আল রাশেদ প্রধান, মানবাধিকারকর্মী তাসনিম রানা, জাতীয় মানবাধিকার আন্দোলনের মো. আল আমিন, কাজী আবু জাফর আল মামুন, খন্দকার মো. মহিউদ্দিন মাহি বক্তব্য রাখেন।
