জেল হত্যা দিবসে জাতীয় চার নেতাকে স্মরণ
জেলহত্যা দিবসে স্মরণ করা হচ্ছে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামানকে।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট জাতির জনক বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বন্দি তার এই চার সহচরকে ৩ নভেম্বর কারাগারের ভেতরে হত্যা করা হয়েছিল।
দিবসটি পালনের অংশ হিসেবে শনিবার সকালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দেন।
জেল হত্যা দিবসে শনিবার সকালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ছবি: পিআইডি
এরপর বনানী কবরস্থানে গিয়ে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। একই সময়ে রাজশাহীতে কামারুজ্জামানের কবরেও শ্রদ্ধা নিবেদন করা হয়।
পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কের কারা অভ্যন্তরে কারা স্মৃতি জাদুঘরে স্থাপিত চার নেতার প্রতিকৃতিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সেখানে মিলাদ ও দোয়া মাহফিলেও অংশ নেন তিনি।
বঙ্গবন্ধু জাদুঘরে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, “পঁচাত্তরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর তেসরা নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা এবং ২১ অগাস্ট বঙ্গবন্ধুকন্যার উপর গ্রেনেড হামলা করে ২৪ জনকে হত্যা, এগুলো একই সূত্রে গাঁথা।”
দিনের শুরুতে সকাল ৬টায় বঙ্গবন্ধু ভবন ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে জাতীয় তোলা হয়, দলীয় পতাকা রয়েছে অর্ধনমিত। কালো পতাকা উত্তোলনের পাশাপাশি কালো ব্যাজও ধারণ করছেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা।
বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জেল হত্যা দিবসের আলোচনা সভা হবে।
