কামাল হোসেন খুনিদের সঙ্গে বিভ্রান্তিতে পড়ে: নাসিম
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ‘বিভ্রান্তিতে পড়ে’ বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত রাজনৈতিক শক্তির সাথে হাত মিলিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি বলেন, “তিনি কোন কারণে আজকে এমন একটি রাজনৈতিক শক্তির সাথে হাত মেলালেন, যারা বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। একই প্লাটফর্মে বসে যদি আপনি খুনিদের বিরুদ্ধে বলেন, আর খুনির সহযোগীরা আপনার পাশে বসে আছে, তা হতে পারে না। এটা কোনো নীতি-আদর্শের কথা হতে পারে না।
“আমি মনে করি তার বয়স হয়েছে, হয়তবা কোনো বিভ্রান্তিতে তিনি আটকে পড়েছেন। তারপরও দেখেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত ধৈর্যের সঙ্গে, সহনশীলতার সঙ্গে, উদার গণতন্ত্রে বিশ্বাস করে তার আমন্ত্রণে সাড়া দিয়ে গতকাল সংলাপের টেবিলে বসেছিলেন।”
‘রাজনীতিতে খুন, খুনের রাজনীতি’ শিরোনামে সেমিনারের আয়োজক ছিল বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম।
কামালের হোসেন সম্পর্কে নাসিম আরো বলেন, “আজকের রাজনীতিতে দেখবেন অনেকে আছেন নীতি আদর্শ বলতে তাদের কাছে কিছু নেই। সাময়িক সুযোগ-সুবিধার জন্য খারাপ মানুষের কাছে তারা লজ্জাজনকভাবে সারেন্ডার করেন। সর্বশেষ উদাহরণ হল অত্যন্ত সম্মানিত ব্যক্তি আমার কাছে, যিনি বঙ্গবন্ধু দ্বারা ড. কামাল হোসেন হয়েছেন।
“যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হয়েছেন বঙ্গবন্ধুর দেওয়া সিটে। পরে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। একজন বিজ্ঞ সম্মানিত ব্যক্তি। তিনি আওয়ামী লীগ ছেড়েছেন নিজের ইচ্ছায়, বলার কিছু নেই। কিন্তু তিনি তো বঙ্গবন্ধুর কথা বলতেন, আদর্শের কথা বলতেন।”
জাতীয় চার নেতা আদর্শের বিরুদ্ধে কোনো আপস করেননি উল্লেখ করে তিনি বলেন, “চার জাতীয় নেতা, তার মধ্যে আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ আমার পিতা শহীদ মনসুর আলী; কীভাবে তাদের জীবনটা দিয়েছেন... কিন্তু সামন্যতম আদর্শের বিরুদ্ধে আপস করেননি।
“জেলখানায় চার নেতাকে হত্যা করা হয়েছে। সেখানে আওয়ামী লীগের অনেক নেতা ছিলেন। হত্যাকারীরা বেছে বেছে চারজনকে একটি ঘরে নিয়ে হত্যা করেছে। যারা তাদের পাঠিয়েছে তারা জানত এই চারজনের একজনও যদি বেঁচে থাকে তাহলে বঙ্গবন্ধুর হত্যার প্রতিশোধ তারা গ্রহণ করবেন।”
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে নাসিম বলেন, “আমরা বলি আসেন, খেলার মাঠে আসেন। না খেলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় গোল দিতে চাই না। আসেন খেলে জিতি বা হারি, এটাই নিয়ম। পানি ছাড়া যেমন মাছ বাঁচে না, পলিটিক্যাল পার্টিও ইলেকশন ছাড়া বাঁচতে পারে না।”
সেমিনারে প্রগতিশীল কলামিস্ট ফোরামের আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য মীজানুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম এ মান্নান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন অংশ নেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আবদুল মান্নান চৌধুরী।
