ইসি যাতে ‘ফ্রি মাইন্ডে’ নির্বাচন করতে পারে: রওশন
একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠান যাতে নির্বাচন কমিশন স্বাধীনভাবে করতে পারে তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
সোমবার চলতি দশম সংসদের শেষ অধিবেশনের সমাপনী ভাষণে তিনি বলেন, “সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষভাবে নির্বাচন করব। সেই ইচ্ছাই পোষণ করছি। ক্ষমতার রদ-বদল না, এর সাথে অনেক কিছু পরিবর্তন হয়। আমরা যাতে সেই ভিত্তি স্থাপন করতে পারি, সে জন্যে একসাথে মিলেমিশে নির্বাচন করতে হবে। নির্বাচন কমিশনকে যেন ফ্রি মাইন্ডে নির্বাচন করতে দেওয়া হয়।”
জাতীয় পার্টির জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন বলেন, “এই শেষ সময়ে পরিষ্কার করে বলতে চাই। আমরা সংসদের পবিত্রতা রক্ষা করতে পেরেছি। এটাই সবচেয়ে বড় কথা।
“নবম সংসদ সম্পর্কে অনেকে অনেক কথা বলেছেন। আপনাদের সবারই অভিজ্ঞতা আছে সেই সংসদে কী হয়েছিল। বাইরের কতিপয় লোক অনেক কথা বলেন। তারা খতিয়ে দেখেন নাই সংসদ কার্যকর কি কার্যকর নয়? জনগণের যত সমস্যা নিয়ে কথা বলেছি, আমার মনে হয় না আর কোনো সংসদে এত কথা হয়েছে।”
রাজনৈতিক দলগুলোকে আগামী নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, “পুরনো পথ না দেখে আমাদের নতুনের দিকে হাঁটতে হবে। জনগণের রায় মেনে নিয়ে সকলে মিলেমিশে দেশ গড়ায় নিজেদের নিয়োগ করি। আসুন, গণতন্ত্রের পথে হাঁটি।”
নির্বাচনের সময় ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার আহ্বানও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি রাখেন তিনি।
দশম সংসদকে সফল উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, “১০ম সংসদ ঐতিহাসিক সংসদ। সংসদ বহাল থাকছে। অধিবেশন শেষ হচ্ছে। আমি ২০ বছর সংসদে। এরকম সফল সংসদ আগে দেখিনি। প্রতিদিন আগ্রহ নিয়ে সংসদে উপস্থিত থেকেছি। প্রধানমন্ত্রী সবাইকে উৎসাহ দিয়েছেন। দেশ এগিয়ে যাচ্ছে। অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হয়েছি।”
সমাপনী বক্তব্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, “দেশের জনগণের পাশাপাশি বিশ্ববাসী ৫ জানুয়ারির নির্বাচন গ্রহণ করেছিল। এই সংসদ দেশে-বিদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই সংসদের সময়কালে দেশ বিভিন্ন সময় নানা বাধার সৃষ্টি হলেও তা অতিক্রম করে অপ্রতিরোধ্য উন্নয়ন ঘটিয়েছে।”
তিনি বলেন, “দুর্নীতির বিস্তার আমরা সঠিকভাবে মোকাবেলা করতে পারিনি। আশাকরি আগামী সংসদ এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেবেন।”
জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপের প্রসঙ্গে মেনন বলেন, “একাধিকবার প্রত্যাখ্যাত হলেও প্রধানমন্ত্রী চিঠি গ্রহণ করে আলোচনায় সন্মত হয়েছে। আলোচনার জন্য তিনি এগিয়ে গেছেন। এটি নিশ্চয়ই রাজনীতিতে সুবাতাস বইবে। তবে আমি মনে করি সব সিদ্ধান্ত সংবিধানের মধ্য থেকে নিতে হবে। এর বাইরে কোনো সিদ্ধান্ত হবে না।”
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, “নবম সংসদের ধারাবাহিকতায় দশম সংসদে প্রধানমন্ত্রী অনন্য ভূমিকা রেখেছে। একাদশ নির্বাচন সামনে, কিন্তু বিএনপি-জামাত চক্র এই নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ড. কামাল। ঐক্যফ্রন্টের মুখ হচ্ছে বিএনপি, আর ড. কামাল হচ্ছেন মুখোশ। এই ঐক্যফন্টকে ব্যবহার করে বিএনপি তাদের কালো দাগ মোছার পাঁয়তারা করছে।”
ঐক্যফ্রন্টের ৭ দফার সমালোচনা করে তিনি বলেন, “ওই ৭ দফার ভিতরে লুকিয়ে আছে নির্বাচন বানচালের বিষ। তাদের লক্ষ্য নির্বাচন নয়। তাদের খালেদা-তারেকসহ অপরাধীদের রাজনীতিতে ফিরিয়ে আনা। নির্বাচন বানচাল করা। এ রকম পরিস্থিতিতে আমাদের সংবিধান সমুন্নত রাখতে হবে। চক্রান্তকারীদের একচুলও ছাড় না দিয়ে চক্রান্ত দমন করে যথাসময় নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে হবে। এই জঙ্গী-সঙ্গীদের চক্রান্ত বানচাল করতে হবে। ক্ষমতার বাইরে রাখতে হবে।”
এছাড়া স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী এবং প্রধান হুইপ আসম ফিরোজ সমাপনী বক্তব্য রাখেন।
