২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্বিগ্ন হওয়ার কারণ দেখি না: মুহিত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিও অংশ নেবে বলে দৃঢ় আশাবাদী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত; আর পরিস্থিতি দেখে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলেও মনে করছেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2018, 06:38 PM

Updated : 19 Aug 2022, 02:48 PM

রোববার সচিবালয়ে সাধারণ বীমা করপোরেশনের লভ্যাংশ হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে তিনি মুহিত বলেন, “রাজনৈতিক পরিস্থিতি যা দেশের আছে, তাতে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ আমি দেখি না। নির্বাচন ডিসেম্বর মাসে হবে, মাত্র তিন মাস সময়।”

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে কেউ বিঘ্নের চেষ্টা করে সফল হবে না বলেও মনে করেন তিনি।

“একদম কমপ্লিট স্থিতিশীল আমাদের এখানবার রাজনৈতিক অবস্থান এবং আমার মনে হয় না এটাকে কেউ কোনোভাবে বিঘ্নিত করার প্রচেষ্টা করবেন এবং করে সাকসেকফুল হবেন না। যেহেতু এটা হবে না, সুতরাং আমি রাজনৈতিক অবস্থান নিয়ে, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মোটেই চিন্তিত নই।”

দশম সংসদ নির্বাচনে অংশ না নিলেও একাদশ সংসদ নির্বাচনে বিএনপি আসবে বলে মনে করছেন মুহিত।

তিনি বলেন, “আমি বহুদিন ধরেই বলছি, এই নির্বাচনে সকলেই অংশগ্রহণ করবেন। বিএনপি অবশ্যই অংশগ্রহণ করবে। অংশগ্রহণ না করলে পার্টি হিসেবে তাদের কোনো এক্সিসটেন্স থাকবে না এদেশে।”

নির্বাচনকালে সরকারে কোনো পরিবর্তন না হওয়ার ইঙ্গিত দিয়ে অর্থমন্ত্রী বলেন, “এই মন্ত্রিসভাই যে নির্বাচনের সময় থাকতে পারে সে বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন।

“দু’এক দিনের মধ্যে আপনারা (সাংবাদিক) বুঝে ফেলবেন। কিছু দিনের মধ্যেই জানবেন। আমার মনে হচ্ছে মন্ত্রিসভায় পরিবর্তন হবে না।”

সাংবাদিকরা চলমান পরিবহন ধর্মঘট নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মুহিত ক্ষুব্ধ কণ্ঠে বলেন, “কোনো রকম নৈরাজ্য সৃষ্টির যে কোনো প্রচেষ্টা যেই করে থাকুক না কেন সরকার সে বিষয়ে পদক্ষেপ নেবে।”

সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে রোববার সকাল থেকে সারা দেশে ধর্মঘট চালিয়ে যাচ্ছে পরিবহন শ্রমিকরা।

সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের ইতোমধ্যে তিনি বলেন, “এই মুহূর্তে আইন পরিবর্তন করার কোনো সুযোগ নেই। পরবর্তী পার্লামেন্ট পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে।”

পুরনো খবর:

ভোটের আগে রক্তপাতের আশঙ্কায় অলি