সিলেটে জনসভার আগে মাজার জিয়ারতে ঐক্যফ্রন্টের নেতারা
সংসদ ভেঙে, খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে সিলেটে জনসভা করার আগে শাহজালাল ও শাহপরানের মাজার এবং এমএজি ওসমানীর কবর জিয়ারত করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
বুধবার সকালে সিলেটে পৌঁছে প্রথমেই শাহজালালের মাজারে যান বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের নেতারা।
বিএনপির খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, বরকতউল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, শামসুজ্জামান দুদু, এজেডএম জাহিদ হোসেন, মনিরুল হক চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির আসম আবদুর রব, আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নাসহ ঢাকা থেকে আসা নেতাদের পাশাপাশি সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
শাহজালালের মাজার জিয়ারতের পর ঐক্যফ্রন্টের নেতারা মাজার সংলগ্ন কবরস্থানে এমএজি ওসমানীর কবর জিয়ারত করেন।
এরপর শহর থেকে ২৫ কিলোমিটার দূরে খাদিম নগরে গিয়ে শাহপরানের মাজার জিয়ারত করেন তারা।
দুপুরে সিলেট নগরীর রেজিস্ট্রি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় প্রধান অতিথি থাকবেন ড. কামাল হোসেন। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাকবেন প্রধান বক্তা হিসেবে।
এই জনসভায় যোগ দিতে মঙ্গলবার বিকালে সিলেটে পৌঁছান গণফোরাম নেতা কামাল হোসেন, মোস্তফা মহসিন মন্টু, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মো. মনসুর। রাতে তারা শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করেন।
বিএনপিকে সঙ্গে নিয়ে গত ১৩ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেন কামাল হোসেন। এই জোটে বিএনপি, গণফোরাম, জেএসডি, নাগরিক ঐক্য, জাতীয় ঐক্য প্রক্রিয়া মিলে মোট পাঁচটি দল রয়েছে।
আওয়ামী লীগ নেতারা বলছেন, রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করে অগতান্ত্রিক পথে ক্ষমতায় যাওয়াই এই জোট গঠনের লক্ষ্য।
তবে নতুন এই জোটের নেতা কামাল হোসেন বলেছেন, নির্বাচনে প্রার্থী হওয়া কিংবা রাষ্ট্রীয় কোনো পদ পাওয়ার ইচ্ছা তার নেই। ‘গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও বহুমাত্রিক সমাজ’ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাওয়াই তার লক্ষ্য।
বিএনপির সঙ্গে জোট করলেও জামায়াতে ইসলামী ও তারেক রহমানের সঙ্গে ঐক্যফ্রন্টের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেছেন কামাল।
