ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা ঘোষণার দাবি শ্রমিক সংহতির
মজুরি বোর্ড পোশাক শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ঘোষণার পর প্রায় একমাস পরও ১৬ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানিয়ে যাচ্ছে শ্রমিক সংগঠনগুলো।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ১৬ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণা ও এইখাতের মজুরির ক্ষেত্রে সব গ্রেডের মজুরি নির্ধারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গার্মেন্টস শ্রমিক সংহতি।
শ্রমিক সংহতির প্রধান তাসলিমা আখতার বলেন, মালিকপক্ষের চাপে গত ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর বরাতে শ্রম প্রতিমন্ত্রী পোশাক শ্রমিকদের সর্বনিম্ন গ্রেডে মজুরি ঘোষণা করেছে ৮ হাজার টাকা। অথচ শ্রমিকরা গত ২ বছর থেকে দাবি করে আসছে ১৬ হাজার টাকা। সেই দাবিকে উপেক্ষা করে কেবল মাত্র ১টি গ্রেডের মজুরি ঘোষণা করা হয়েছে, যা শ্রমিকদের জীবন যাপনের উপযোগী নয়।
“গত ৫ বছরে মূল্যস্ফীতি এবং বাজারদর বিবেচনা করলে ঘোষিত টাকায় শ্রমিকদের প্রকৃত আয় বৃদ্ধি পায়নি। বাসা ভাড়া দুই হাজার ৫০ টাকা একটি হাস্যকর প্রস্তাব। এই টাকায় শ্রমিক এলাকায় পরিবার নিয়ে কোনো ঘর নিয়ে থাকা সম্ভব না। ন্যূনতম ৪ হাজার টাকা দরকার বাসযোগ্য ঘরে থাকার জন্য।”
গত শুক্রবার একই দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছিল ট্রেড ইউনিয়ন কেন্দ্র নামের একটি সংগঠন।
১৩ সেপ্টেম্বর নিম্নতম মজুরি বোর্ডের ৫ম সভা শেষে বেতন ৫১ শতাংশ বাড়িয়ে আট হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণা করে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চু্ন্নু।
তবে শ্রমিক সংগঠনগুলো বর্তমান বাজার বিবেচনা করে শ্রমিকদের জন্য কমপক্ষে ১৬ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণার দাবিতে রাজপথে আন্দোলন করে আসছে। মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধি বেগম শামসুন্নাহার ভূঁইয়া তখন অভিযোগ করেছিলেন, আন্দোলন করলেও সংগঠনগুলোর কর্মসূচি গুলোতে লোক সমাগম কম ছিল। ফলে এতো অল্প শ্রমিকের কর্মসূচি দিয়ে মালিক পক্ষকে চাপে ফেলা যায়নি।
সমাবেশে সংহতি বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি শাহ আতিউল ইসলাম, গণসংহতি আন্দোলনের নেতা ফিরোজ আহমেদ, নারী সংহতির সভাপতি শ্যামলী শীল, ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা, গার্মেন্ট শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক জুলহাসনাইন বাবু, সহ সম্পাদক অঞ্জন দাস, সাংগঠনিক সম্পাদক আমিনুল শামাসহ অন্যান্য নেতারা।
