মানহানির দুই মামলায় খালেদার জামিন আপিলেও বহাল
স্বাধীনতা যুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে ‘বির্তকিত’ মন্তব্যের অভিযোগে ঢাকা ও নড়াইলের দুই মানহানি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাই কোর্টের দেওয়া জামিন আপিল বিভাগেও বহাল রয়েছে।
হাই কোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ যে আবেদন করেছিল, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ সোমবার তা খারিজ করে দিয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদা জিয়ার পক্ষে ছিলেন এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন ও কায়সার কামাল।
পরে জয়নুল আবেদীন সংবাদিকদের বলেন, আপিল বিভাগের এই আদেশের ফলে খালেদা জিয়াকে হাই কোর্টের দেওয়া জামিনই বহাল থাকলো।
“এগুলো জামিনযোগ্য মামলা। বিচারিক আদালত জামিন না দেওয়ায় আমাদের উচ্চ আদালতে আসতে হয়েছিল। হাই কোর্ট জামিনও দিয়েছিল। কিন্তু সরকার রাজনৈতিক উদ্দশ্যে খালেদা জিয়াকে আটকে রাখার জন্য তার জামিনের বিরুদ্ধে আবেদন করেছিল। দুটি মামলাই জামিনযোগ্য, বরং জামিন না দেওয়াই একটা অপরাধ।”
নড়াইলের আদালতে করা মানহানির মামলায় খালেদা জিয়াকে গত ১৩ অগাস্ট ছয় মাসের জামিন দেয় হাই কোর্ট। আর ঢাকার মামলায় খালেদা জিয়া ছয় মাসের জামিন পান গত ১৪ অগাস্ট।
ওই দুই আবেদনের ওপর স্থগিতাদেশ চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। চেম্বার আদালতে আবেদন দুটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেয়। সোমবার সেই শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে সর্বোচ্চ আদালত।
নড়াইলের জেলা ও দায়রা জজ আদালত গত ৫ অগাস্ট খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করলে হাই কোর্টে জামিন আবেদন করেন তার আইনজীবীরা। আর ঢাকার মামলায় জজ আদালত জামিন নাকচ করেছিল গত ৭ অগাস্ট। পরে দুই মামলাতেই হাই কোর্ট বিএনপি চেয়ারপারসনকে ছয় মাসের জামিন দেয়।
নড়াইলের আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলাটি হয় ২০১৫ সালের ২৪ ডিসেম্বর। নড়াইল জেলা পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও নড়াগাতি থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান ফারুকী ওই মামলা দায়ের করেন।
একই ঘটনায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে (সিএমএম) ২০১৬ সালের ৫ জানুয়ারি অন্য মামলাটি দায়ের করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।
ওই বছর ২১ ডিসেম্বর রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় খালেদা মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, “আজকে বলা হয়, এতো লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানারকম তথ্য আছে।”
একাত্তরে আওয়ামী লীগ ‘স্বাধীনতা’ নয়, ‘ক্ষমতা’ চেয়েছিল দাবি করে ওই সভায় বিএনপি চেয়ারপারসন বলেন, “তিনি (জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, স্বাধীন বাংলাদেশ চাননি।”
নড়াইলের মামলার অভিযোগে বলা হয়, “মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা এবং জাতির জনকের গৌরবজনক ভূমিকা নিয়ে খালেদা জিয়া উদ্দেশ্যমূলক বক্তব্য দিয়ে মানহানি করেছেন।”
আর ঢাকার মামলার আর্জিতে বলা হয়, ওই ধরনের বক্তব্য দিয়ে বিএনপির চেয়ারপরসন ফৌজদারি দণ্ডবিধির ৫০০ ধারা অনুযায়ী অপরাধ করেছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়নুল আবেদীন বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে প্রায় তিন ডজন মামলা রয়েছে, যার মধ্যে কুমিল্লার দুটি মামলায় এখনও তার জামিন হয়নি।
তিনি বলেন, “নির্বাহী বিভাগ যেভাবে বিচার বিভাগকে ব্যবহার করছে, তাতে জামিন পাওয়া নিয়ে আমরা শঙ্কিত।”
