২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধানে কোনো পরিবর্তনের সুযোগ নেই: কাদের

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির সাত দফা প্রত্যাখ্যান করলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2018, 08:45 PM

Updated : 19 Aug 2022, 02:39 PM

তিনি বলেছেন, “পরিষ্কার বলে দিতে চাই, বাংলাদেশের পবিত্র সংবিধানের কোনো পরিবর্তন, সংযোজনের সুযোগ নেই।”

রোববার বিকালে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় বিএনপির সাত দফা উত্থাপনের পরপরই ধানমণ্ডিতে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন কাদের।

নির্দলীয় সরকারের অধীনে না হওয়ায় দশম সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপি একাদশ সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে করার দাবি জানিয়ে আসছে।

নির্বাচনের তিন মাস আগে রোববারের জনসভায় তারা যে ৭ দাবি তুলেছে, তাতে সংসদ ভেঙে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাওয়া হয়েছে, যে দাবি পূরণে সংবিধানের সংশোধন প্রয়োজন।

এই দাবিতে বিএনপির আন্দোলনের হুমকির প্রতিক্রিয়ায় দলটির সামর্থ্য নিয়ে আবারও প্রশ্নে তোলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, “এলোমেলো দল বিএনপি হাঁক-ডাক দিয়ে মহাসমাবেশ করেছে। কিন্তু শেষ পর্যন্ত আষাঢ়ের তর্জন গর্জনই সার। কক্সবাজার যাওয়ার সময় রাস্তায় রাস্তায় যে আটটি সমাবেশ আমরা করেছি, এর একটির ধারে কাছে তাদের কেন্দ্রীয় মহাসমাবেশ নেই।

“তাদের এই সমাবেশের উপস্থিতি হতাশাজনক। এই উপস্থিতি দেখে মনে হয়েছে, জনগণ বিএনপির সঙ্গে নেই। এই দলটি ক্রমেই সঙ্কুচিত হচ্ছে।”

Image
সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভার একাংশ

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভার একাংশ

সমাবেশে বিএনপি নেতা-কর্মীদের মারামারি বেঁধেছিল দাবি করে কাদের বলেন, “এই যে জাতীয় ঐক্য, হাতাহাতি মারামারি, ধাওয়া পাল্টা ধাওয়া, জাতীয় ঐক্যের সূচনা। এখানেই স্পষ্ট, কেমন তাদের ঐক্য।”

আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে তার সেরকম জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

“গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলন হলে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। যদি আন্দোলনের নামে ২০১৪ সালের মতো নাশকতা, বোমা হামলা এবং সেই ভয়াবহ দৃশ্যপটের অবতারণা করে, প্রশাসন যা যা করা দরকার সব করবে।

“আর আমরাও (আওয়ামী লীগ) ঘরে বসে ডুগডুগি বাজাব না, জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব, প্রতিহত করব।”

জনসভার মঞ্চে কারাবন্দি নেত্রী খালেদা জিয়ার জন্য খালি চেয়ার রাখার বিষয়ে তিনি বলেন, “বেগম জিয়াকে সম্মান করে খালি চেয়ারে বসিয়ে স্টেজে সেলফি তুলছে। কী দেখলেন? স্টেজে সেলফি হল বিএনপি।”

গণসংযোগ সোমবার থেকে

৭ দফা দাবিতে বিএনপি যেমন জেলা ও বিভাগীয় শহরে কর্মসূচি দিয়েছে, তেমনি গণসংযোগে নামছে আওয়ামী লীগও।

কাদের বলেন, “আগামীকাল থেকে গণসংযোগ কর্মসূচি শুরু হবে। গ্রাসরুট পর্যায়ে, মফস্বল, গ্রাম, ওয়ার্ডে পর্যায়ে এই কর্মসূচি পালন করার নিদের্শনা দিয়েছি।”

ঢাকায় কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্যরা চারটি দলে ভাগ হয়ে গণসংযোগে নেতৃত্ব দেবেন। চারটি দলের নেতৃত্ব দেবেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান।

সোমবার সকাল ১১টায় উত্তরা থানায় দীপু মনির নেতৃত্বে গণসংযোগ কর্মসূচি শুরু হবে। বিকালে হানিফের নেতৃত্বে ওয়ারী থানায়,  নানকের নেতৃত্বে মোহাম্মদপুর থানায় এবং রহমানের নেতৃত্ব পল্টন থানায় গণসংযোগ করবে আওয়ামী লীগ।

পুরনো খবর:

বিএনপির ৭ দফা, দুদিনের কর্মসূচি