২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার কুমিল্লার মামলার শুনানি পিছিয়েছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা মেরে আট যাত্রীকে হত্যার মামলাটির শুনানি দ্বিতীয় দফা পিছিয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2018, 06:23 PM

Updated : 19 Aug 2022, 02:39 PM

আগামী ৩ অক্টোবর মামলার শুনানির দিন ঠিক করেছেন কুমিল্লার ৫ নম্বর আমলি আদালতের বিচারক জ্যেষ্ঠ হাকিম মো. জালাল উদ্দিন।

খালেদার আইনজীবী কাইয়ুমুল হক রিংকু রোববার একথা সাংবাদিকদের জানিয়েছেন।

তিনি এদিন এদিন আদালতে খালেদার পক্ষে জামিনের আবেদন করেন। তিনি বলেন, মামলাটিতে মূল আসামিরা জামিনে আছেন। আর এই ঘটনার সঙ্গে খালেদার প্রত্যক্ষ কোনো সম্পৃক্ততার অভিযোগও নেই।

রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি মোস্তাফিজুর রহমান।

জিয়া এতিমখানা দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে বন্দি বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে বিচারের প্রক্রিয়ায় থাকা অন্য মামলাগুলোর একটি কুমিল্লার এই মামলা।

২০১৫ সালে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ-হরতাল চলার মধ্যে ২ ফেব্রুয়ারি চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা হামলার এই মামলায় খালেদা হুকুমের আসামি।

সেদিন কক্সবাজার ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহনের একটি নৈশ কোচ রাতে চৌদ্দগ্রামের জগমোহনপুরে পৌঁছলে দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে। এতে আগুনে পুড়ে বাসের আট জন যাত্রী মারা যান ও ২৭ জন আহত হন।

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন। দুই মামলায় ২ বছর ১ মাস তদন্ত শেষে চৌদ্দগ্রাম থানার এসআই মো. ইব্রাহিম গত বছরের ৬ মার্চ আদালতে অভিযোগপত্র দেন।