২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোহরাওয়ার্দীতে ‘ব্যাপক জনসমাগমের’ প্রত্যাশা বিএনপির

নির্বাচনের আগে নিজেদের ‘শক্তির’ জানান দিতে ব্যাপক জনসমাগমের প্রত্যাশা নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে যাচ্ছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2018, 01:58 PM

Updated : 19 Aug 2022, 02:40 PM

রোববার বেলা ২টায় এই জনসভা শুরুর সময় নির্ধারিত থাকলেও ঢাকার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা উদ্যানে আসা শুরু করেছেন সকাল ১০টা থেকেই। 

এই জনসভার জন্য ৪৮ ফুট বাই ২৪ ফুট মাপের মঞ্চ নির্মাণসহ সব প্রস্তুতি শেষ হয়েছে জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঞ্চ নির্মাণ ভোরেই শেষ হয়েছে। মাইক লাগানোসহ সব প্রস্তুতিও আমরা শেষ করেছি। আশা করছি, আজকে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে একটি সাফল্যমণ্ডিত জনসভা আমরা করতে পারব।”

ঢাকা মহানগর পুলিশ শনিবার ২২টি শর্তে বিএনপিকে এই জনসভা করার অনুমতি দেয়। এরপর রাতে সোহরাওয়ার্দীতে মঞ্চ নির্মাণসহ অন্যান্য প্রস্তুতি শুরু হয়।

সকালে সেখানে গিয়ে দেখা যায়, মঞ্চের সামনে ৩০ ফুট জায়গায় বেষ্টনী দেওয়া হয়েছে। উদ্যানের চারপাশে টানানো হয়েছে ১০০ মাইক। শৃঙ্খলা রক্ষার জন্য যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কর্মীদের নিয়ে করা হয়েছে স্বেচ্ছাসেবক বাহিনী।

খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের মামলা প্রত্যাহার এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি এই জনসভা করছে। 

মাঠের বিভিন্ন অংশে গ্রেপ্তার নেতাদের মুক্তির দাবিতে তাদের ছবি সম্বলিত ব্যানার টানানো হয়েছে। জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিও রয়েছে এসব ব্যানারে।

২০১৭ সালের ১২ নভেম্বর ঐতিহাসিক এ উদ্যানে সর্বশেষ জনসভা করে বিএনপি। তার আগে ২০১৬ সালে মে দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয়তাবাদী শ্রমিক দলের ‘শ্রমিক সমাবেশে’ বক্তব্য দিয়েছিলেন খালেদা জিয়া।          

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বেলা ২টায় এই জনসভা শুরু হওয়ার কথা রয়েছে। পুলিশের বেঁধে দেওয়া শর্তে বিকাল ৫টার মধ্যে কর্মসূচি শেষ করতে বলা হয়েছে বিএনপিকে।