সব দল এক হলে তাকে জাতীয় ঐক্য বলে: তোফায়েল
আওয়ামী লীগ ও চৌদ্দ দলকে বাদ দিয়ে কিভাবে জাতীয় ঐক্য হয়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সভানেত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিনে শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে দলের এক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে তিনি ঐক্য প্রক্রিয়ার নেতৃত্বেরও সমালোচনা করেন।
তোফায়েল বলেন, “জাতীয় ঐক্য কাকে বলে? যখন সমস্ত দল এক হয়ে যায়, তাকে জাতীয় ঐক্য বলে। আওয়ামী লীগ ও ১৪ দলের মতো বড় দল বাদ দিয়ে জাতীয় ঐক্য হয় কীভাবে?”
একাদশ নির্বাচনের আগে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট বদরুদ্দোজ্জা চৌধুরীর জাতীয় ঐক্য প্রক্রিয়ার চেষ্টাকে শুরুতে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে স্বাগত জানানো হয়।
তবে জাতীয় প্রক্রিয়ার অংশ হিসেবে গত শনিবার নাগরিক সমাবেশের পর থেকে সমালোচনায় মুখর হয়েছে সরকারি দলের নেতা-মন্ত্রীরা। তারা বলছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো জাতীয় ঐক্য হতে পারে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ঐক্য প্রক্রিয়ার নেতাদের সমালোচনা করে বলেছেন, ‘সব দুর্নীতিবাজ’ এক হয়েছেন।
সভানেত্রীর মত তোফায়েল আহমেদও বলেন, “দলছুট ও নীতিহীন নেতাকে মানুষ পছন্দ করে না। ড. কামাল হোসেন আওয়ামী লীগ করেছেন। বঙ্গবন্ধুর আসন থেকে নির্বাচন করে নির্বাচিত হয়েছিলেন। পরে আওয়ামী লীগ থেকে বের হয়ে গিয়ে নির্বাচন করে জিততে পারেননি।
“কিছুদিন পর দেখবেন জাতীয় ঐক্যের একেকজন একেকটা বলবে। দেখবেন বি চৌধুরী ময়মনসিংহে আর ড. কামাল হোসেন থাইল্যান্ডে।”
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, “বিএনপি রাজনৈতিকভাবে একটি দেউলিয়া দল। দলটির দলীয় প্রধান কারাগারে, তার ছেলে বিদেশে পলাতক। এমন একটি দল, যেখানে একজনের সঙ্গে আরেকজনের মিল নেই।”
আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক অপশক্তির একটিই টার্গেট, সেটি হচ্ছে শেখ হাসিনাকে হটানো। সব ষড়যন্ত্র এই একজনকে ঘিরে। ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।”
নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে কোনো ছাড় দেওয়া হবে না বলে ইঙ্গিত দেন কাদের।
“আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি কর্মসূচি করবে না। দেশের শান্তি যারা বিনষ্ট করবে, যারা দেশের মানুষের জানমালের নিরাপত্তা জিম্মি রেখে মাঠ দখল ও ঢাকা অচল করার চিন্তা করে, তাদের জনগণই অচল করে দেবে।”
অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদ মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, ফারুক খান, কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগের নেতারা।
নানা কর্মসূচির মাধ্যমে সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।
সকালে বঙ্গবন্ধু ভবনে দোয়া মাহফিলের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর সকাল ১০টায় বঙ্গবন্ধু জাদুঘরের সামনে আওয়ামী লীগের ত্রাণ উপকমিটি ১০০টি রিক্সা ভ্যান বিতরণ করে, ১১টায় আজিমপুরে দুস্থদের মধ্যে খাবার বিতরণ, অসচ্ছল ছাত্রছাত্রীদের আর্থিক সহযোগিতা এবং পুস্তক বিতরণ করা হয়।
জুমার নামাজের পর সারাদেশে মসজিদে দোয়া এবং অন্য ধর্মের উপাসনালয়ে বিশেষ প্রার্থনা হয়েছে। এছাড়া ইউনিয়ন পর্যায়েও এ কর্মসূচি পালিত হয়েছে।
আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ আলাদাভাবে রাজধানীতে আনন্দ শোভাযাত্রা করে। এছাড়া সারা দেশে আওয়ামী লীগের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা হয়েছে।
দিনটিতে আওয়ামী লীগের শিক্ষা উপকমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় স্কুলের ছাত্রছাত্রীদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে।
