বিএনপির সঙ্গে ঐক্য হয়েই গেছে: মান্না
জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমাবেশে বিএনপি নেতাদের পাশে রেখে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে একযোগে আন্দোলনের ঘোষণা দিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট ও গণফোরাম সভাপতি কামাল হোসেন ৫ দফা দাবিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় একযোগে আন্দোলনের ঘোষণা দেন সম্প্রতি।
শনিবার ঢাকার গুলিস্তানে কাজী বশির মিলনায়তনে জাতীয় ঐক্য প্রক্রিয়ার নাগরিক সমাবেশে যুক্তফ্রন্টের সদস্য সচিব মান্না নিজেদের ঘোষিত ৫ দফা দাবির সঙ্গে বিএনপির দাবির মিল দেখিয়ে বিএনপিকে সঙ্গে নিয়েই আন্দোলনের কথা বলেন।
তিনি বলেন, “এখানে বিএনপির নেতারা আছে। আমি দেখেছি শেষ পর্যন্ত তারা ১৫ দফা দাবির কথা বলেছেন, যেটা আমাদের দাবির সাথে প্রায় মিলে যায়। তাই এই ঐক্য তো হয়েই গেছে। লাখো-কোটি জনতা এই ঐক্য চায়। কারও ক্ষমতা নাই এই ঐক্য, এই ঐক্যের শক্তি, এই বিজয়কে রুখতে পারে।”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আওয়ামী লীগকে হটাতে সব দলকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়তে তার নেত্রী কারাবন্দি খালেদা জিয়ার বার্তা পাওয়ার কথা সমাবেশে জানান।
তিনি বলেন, “জেলখানা থেকে আমাদের কাছে আমাদের নেত্রী খবর পাঠিয়েছেন, যে কোনো মূল্যে জাতীয় ঐক্য তৈরি করে এই দুঃশাসন থেকে দেশকে মুক্ত করতে হবে। তিনি বলেছেন, ‘আমার কী হবে না হবে, সেটা ভাবার দরকার নেই’।”
এ সময় মিলনায়তন থেকে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ স্লোগানও ওঠে।
‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’র নাগরিক সমাবেশে আলাপে কামাল হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সমাবেশে জাতীয় ঐক্য প্রক্রিয়ার ঘোষণাপত্রে খালেদা জিয়ার বন্দিত্বের বিষয়টিও আসে।
এতে বলা হয়, ন্যায় বিচারের স্বাভাবিক প্রক্রিয়াকে অগ্রাহ্য, ব্যাহত ও অকার্যকর করে অন্যায়ভাবে কারারুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আইনগত ও ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করতে হবে।
দশম সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপি একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের শর্ত হিসেবে সংসদ ভেঙে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের পাশাপাশি খালেদা জিয়ার মুক্তির শর্তও দিয়েছে।
নির্দলীয় সরকারের দাবি প্রত্যাখ্যানকারী ক্ষমতাসীন আওয়ামী লীগ দণ্ডিত খালেদার মুক্তিতে কোনো পদক্ষেপ সরকারের নেওয়ার সুযোগ নেই বলে জানিয়ে আসছে।
জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমাবেশের প্রধান অতিথি যুক্তফ্রন্ট ও বিকল্পধারা সভাপতি বি চৌধুরী বিএনপি চেয়ারপারসনের নাম উল্লেখ না করে রাজবন্দিদের মুক্তি দাবি করেন।
সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি ও যুক্তফ্রন্টের নেতা আ স ম আবদুর রব বলেন, “সরকারকে বলছি, কোনো রাজবন্দিকে কারাগারে রাখতে পারবেন না। সবাইকে মুক্তি দিতে হবে।”
শনিবারের সমাবেশে বিএনপি মহাসচিব ফখরুল ছাড়াও অংশগ্রহণকারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও মওদুদ আহমদ জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতাদের সঙ্গে হাতে হাত রেখে দাঁড়িয়ে একসঙ্গে কাজ করার প্রকাশ ঘটান।
সমাবেশে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক ইসলামী ঐক্য জোটের নেতা নুর হোসেইন কাসেমী ও বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বক্তব্য রাখেন।
সমাবেশে ইসলামী ঐক্যজোট নেতার পাশে মাহমুদুর রহমান মান্না
উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, আহসান হাবিব লিংকন, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, খেলাফত মজলিশের মজিবুর রহমান, আহমেদ আবদুল কাদের, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, মোস্তাফিজুর রহমান মোস্তফা, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার খোন্দকার লুৎফর রহমান, আসাদুর রহমান খান, জমিয়তের উলামায়ে ইসলামের আবদুর রব ইউসুফী।
বিএনপি সমর্থক পেশাজীবী নেতা জাফরুল্লাহ চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মইনুল হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন সমাবেশে বক্তব্য রাখেন।
সমাবেশে মঞ্চে বিএনপি ও তাদের জোট শরিক দলের নেতারা
জাতীয় ঐক্যের সমাবেশে বিএনপি ও তাদের জোট শরিকদের অংশগ্রহণের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এটা সাম্প্রদায়িক ঐক্য হয়েছে।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এর আগে এক প্রতিক্রিয়ায় বলেছিলেন, জাতীয় ঐক্য প্রক্রিয়ার ৫ দফা বিএনপি-জামায়াতের দাবির ‘ফটোকপি’।
আওয়ামী লীগ আমলে বেশ কয়েক মাস কারাগারে থাকা মান্না ক্ষমতাসীনদের উদ্দেশে বলেন, “ধান্ধাবাজি ছাড়েন। এক সাথে দুইটা সংসদ চলবে না, এটা বাতিল করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং নির্বাচনের সময়ে বিচারিক ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়েন করতে হবে।”
নির্বাচনকালীন সরকারে শুধু সংসদে প্রতিনিধিত্বশীল দলকে মেনে নেবেন না বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আমরা পরিষ্কার ঘোষণা করতে চাই, এই সংসদ দিয়ে কোনো সরকার গঠিত হবে না। যারা সরকারে আসবেন, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।”
আওয়ামী লীগ নত না হলে আন্দোলনের মাধ্যমে সেই দাবি আদায়ের প্রস্তুতি নিতে সবার প্রতি আহ্বান জানান এক সময়ের আওয়ামী লীগ নেতা মান্না।
“আমরা কর্মসূচি দিয়েছি। উনাদের (বিএনপি) কর্মসূচি আমরা দেখিছি। আমরা যৌথভাবে সারাদেশের মানুষের সামনে আসব। দেশের মানুষের কাছে আমাদের একটাই বক্তব্য ভোটের অধিকার, মৌলিক অধিকার, নিজের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য আমরা এক হয়েছি।“
“২০১৪ সালের ৫ জানুয়ারি মানুষ ঘরে ছিল। আমরা যাই কিছু চেষ্টা করেছি, মানুষ রাস্তায় নামেনি। আর এবার যখন নির্বাচন হবে, তখন ঘরের মানুষ রাস্তায় আসবে,” সরকারকে হুঁশিয়ার করেন তিনি।
