২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিএনপির মতলব অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠা আর দণ্ডিতদের মুক্তি’

অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠা ও খালেদা জিয়াসহ দণ্ডিত দলীয় নেতাকর্মীদের মুক্তিই বিএনপির এখন ‘মতলব’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2018, 05:20 PM

Updated : 19 Aug 2022, 02:32 PM

জাসদ সভাপতি ইনু বলেছেন, “বিএনপি ষড়যন্ত্রের রাজনীতি থেকে এক চুলও সরে আসেনি। 

“তাদের সব দাবির সার কথা দু’টি- দেশে সাংবিধানিক শূন্যতা তৈরি করে অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠা আর দণ্ডিত খালেদাসহ অপরাধীদের মুক্তি।”

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের যুব সংগঠন জাতীয় যুব জোটের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার দলের কার্যালয়ে যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। 

বিএনপির দাবিগুলোর কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, “শেখ হাসিনার পদত্যাগ, সংসদ বাতিল, নিরপেক্ষ সরকারের দাবি আসলে সাংবিধানিক শূন্যতা তৈরির ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়।

“আর দণ্ডিত খালেদা জিয়াসহ যেকোনো দণ্ডিতের মুক্তি আদালতের বিষয়। এ ব্যাপারে সরকার বা নির্বাচন কমিশনের করার কিছুই নাই জেনেও গোঁ ধরা বিএনপির চক্রান্তেরই অংশ।”

“জঙ্গি-রাজাকার ও দণ্ডিত খালেদাকে নির্বাচনের নামে হালাল করে রাজনীতির মাঠে ফিরিয়ে আনা আর সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টাই তাদের লক্ষ্য,” বলেন ইনু।

বাংলাদেশকে নির্বাচন ও সংবিধানের বাইরে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র-চক্রান্ত রুখে দিতে যুব সমাজের প্রতি আহ্বান জোনান তিনি।