কাদেরের বক্তব্যে সত্যের অপলাপ: রিজভী
খালেদা জিয়ার মুক্তি ও নির্বাচনকালীন সরকার নিয়ে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকের বক্তব্য প্রত্যাখ্যান করেছে বিএনপি।
দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, “জনাব ওবায়দুল কাদেরের বক্তব্য কোনোভাবে গ্রহণযোগ্য নয়, এটা সত্যের অপলাপ। গতকাল নয়া পল্টনের জনসভায় বিপুল মানুষের সমাগমেই প্রমাণ হয়েছে- জনগণ এই সরকারকে আর চায় না। তারা আওয়ামী লীগের বক্তব্য প্রত্যাখ্যান করেছে।”
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে ওই জনসভা হয়।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই জনসভায় বলেন, খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তি না দিলে, তফসিল ঘোষণার আগে শেখ হাসিনার সরকার পদত্যাগ না করলে বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে না।
অন্যদিকে আওয়ামী লীগ নেতারা বলে আসছেন, দশম জাতীয় সংসদ নির্বাচন যেভাবে হয়েছিল, সেভাবেই সংবিধান অনুযায়ী হবে আগামী একাদশ সংসদ নির্বাচন।
আর দুর্নীতি মামলার সাজায় কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়টি ‘সরকারের হাতে নেই’ মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আইনি প্রক্রিয়া ছাড়া তার মুক্তি সম্ভব নয়।
এর প্রতিক্রিয়ায় রোববারের সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “আমরা স্পষ্ট করে বলতে চাই, দেশনেত্রীকে মুক্তি দিতে হবে। যেভাবে আপনারা সংবিধান সংশোধন করেছেন ওইভাবে সংশোধন করে নির্দলীয় নিরপেক্ষ সরকার নিশ্চিত করতে হবে। নির্বাচন নিয়ে কোনো গড়িমসি চলবে না।”
রিজভী বলেন, “শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন জনগণ হতে দেবে না। তিনি জনগণের শত্রুপক্ষ। তার অধীনে নির্বাচনের অর্থই হচ্ছে মানুষের ভোটাধিকার হরণ।”
জনগণকে ‘সঙ্গে নিয়ে’ আন্দোলনের মধ্যে দিয়ে বিএনপি ওই দাবি আদায় করবে বলে সরকারকে হুঁশিয়ার করেন রিজভী।
তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন বার বার বাধাগ্রস্ত করেছে সরকার। তিনি এক মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও আবার তা নানা কায়দায় আটকে দিচ্ছে তারা। সরকারের নির্দেশে দেশনেত্রী কারাগারে আটকে আছেন। তিনি সুবিচারে নয়, প্রতিহিংসামূলক সরকারি বিচারে কারাবন্দি।”
বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করতে গিয়ে ঢাকার যাত্রাবাড়ী, বনানী, রাজশাহীর চারঘাট, কুষ্টিয়ার ভেড়ামারা, নারায়ণগঞ্জ, সুনামগঞ্জ, পিরোজপুরসহ সারাদেশে দলের ৮৯ জন নেতা-কর্মী পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন দাবি করে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান রিজভী।
অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, মুনির হোসেন, রফিকুল ইসলাম, আশরাফউদ্দিন বকুল নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
