মানুষ উন্মুখ ভোট দিতে, একটি মহল ষড়যন্ত্রে: নাসিম
মানুষ একাদশ সংসদ নির্বাচনে ভোট দিতে উন্মুখ হয়ে থাকলেও গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করতে একটি মহল ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের মুখপাত্র নাসিম শনিবার জোটের এক সভা শেষে সংবাদ সম্মেলনে যুক্তফ্রন্টকে উদ্দেশ্য করে এই বক্তব্য দেন।
নাসিম বলেন, “যখনই নির্বাচন আসে, ভোটের মাধ্যমে জনগণের রায় নেওয়ার সময় আসে, তখনই একটি অশুভ মুখচেনা মহল তৎপরতা শুরু করে দেয়। ২০১৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তখনও এই অশুভ মহলটি জ্বালাও-পোড়াও করে দেশে একটি অসাংবিধানিক পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে খালেদা জিয়ার নেতৃত্বে অরাজকতা সৃষ্টি করেছিল।
“আজকে যখন নির্বাচন প্রায় ঘরের দুয়ারে কড়া নাড়ছে, জনগণ যখন উন্মুখ হয়ে আছে তাদের রায় দেওয়ার জন্য, তখন আবার সেই মুখচেনা মহলটি মাঠে নেমে গেছে।”
গণফোরাম সভাপতি কামাল হোসেনকে ইঙ্গিত করে নাসিম বলেন, “আজকে ফ্রণ্ট হচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা তো অনেককে চিনি।
“একজন বিশিষ্ট আইনজীবী, আইনজ্ঞ কীভাবে একজন সাবেক প্রধান বিচারপতিকে ব্যবহার করে জুডিশিয়াল ক্যু করে পাকিস্তানের মতো অবস্থা সৃষ্টি করতে চেয়েছিল।”
বিএনপির সংলাপের আহ্বান প্রত্যাখ্যান করে তিনি বলেন, “এই সংলাপের অর্থই হলো দেশে একটা পরিস্থিতি সৃষ্টি করা, যে পরিস্থিতির মাধ্যমে দেশে একটা অসাংবিধানিক সরকার যেন প্রতিষ্ঠা করা যায়। এ জন্যই সংলাপের কথা বলা হয়। এর সঙ্গে ১৪ দল একমত নয়, ১৪ দল ছাড় দেওয়ার পক্ষে নয়।”
সংবিধান সংশোধন করে নির্বাচনকালীন নির্দলীয় সরকার পদ্ধতি ফিরিয়ে আনার দাবির বিষয়ে নাসিম বলেন, “একটি খেলা যখন হবে, খেলার কিছু বিধিবদ্ধ নিয়ম-কানুন আছে। সেই নিয়ম তো আর কথায় কথায় পরিবর্তন করা যাবে না।
“আমরা বলতে চাই, সংবিধানবিরোধী কোনো কাজ বাংলাদেশে হবে না। সংবিধান অনুযায়ী আগামী ডিসেম্বর মাসে নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।”
নির্বাচন নিয়ে সব ষড়যন্ত্র মোকাবেলায় চলতি মাসের ১৮ তারিখ থেকে ১৪ দল মাঠে নামবে বলে জানান জোটের মুখপাত্র নাসিম।
তিনি বলেন, “১৪ দল সজাগ আছি। আমরা অনুরোধ করবো দেশবাসীকে, আগামী নির্বাচনকে ফলপ্রসূ করার জন্য আপনারা সজাগ থাকবেন। এই লক্ষ্যে সেপ্টেম্বর মাসের ১৮ তারিখ থেকে মাঠে নামব। পর্যায়ক্রমে সারা বাংলাদেশে বিভাগীয় সমাবেশ করব।”
আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে ১৪ দলের বৈঠকে জাতীয় পার্টি জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলামের সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের একাংশের সাধারণ সম্পাদক শিরীন আখতার, জাসদের আরেক অংশের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
