২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনকালীন সরকারের জন্য সংবিধান সংশোধনের দাবি বাম জোটের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ‘নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার’ গঠনে সংবিধান সংশোধনের দাবি তুলেছে বাম জোট। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2018, 09:37 PM

Updated : 19 Aug 2022, 02:31 PM

বর্তমান পদ্ধতিতে দলীয় সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের কোনো সুযোগ নেই বলে মনে করছে বাম দলগুলো।

বুধবার ঢাকার পুরানা পল্টনের মুক্তিভবনে এক সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, “গত কয়েক বছরের অভিজ্ঞতা প্রমাণ করেছে, দলীয় সরকারের অধীনে বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের কোনো সুযোগ নেই। জনগণের ম্যান্ডেটবিহীন জাতীয় সংসদ বহাল রেখে সব দল ও জনগণের জন্য সমান সুযোগ তৈরি হয় না।”

বিএনপিও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ফিরিয়ে আনতে সংবিধান সংশোধনের দাবি জানিয়ে আসছে।

তবে তা প্রত্যাখ্যান করে ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, ওই ব্যবস্থা ফিরিয়ে আনার সুযোগ নেই, নির্বাচনের সময় নির্বাচিত সরকারই ক্ষমতায় থাকবে, নির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন।

সংবাদ সম্মেলনে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “সরকার সব সময় বলে থাকে, যা করা হবে সংবিধান অনুসারে করা হবে।

“আমি বলতে চাই, সংবিধানের একটা সুনির্দিষ্টভাবে ধারা আছে, সেই ধারার বলে সংবিধান সংশোধন করা যায়। সুতারাং যে কাজটা করা উচিৎ, তা সংবিধানে নেই বলে উড়িয়ে দেওয়া যায় না। আপনি ধারা বলে সংবিধান সংশোধন করে নিতে পারেন।”

বাম জোট বর্তমান নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তা পুনর্গঠনের দাবিও জানিয়েছে।

সাইফুল হক বলেন, “এ কমিশনের পক্ষে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব নয়।”

বাম জোট নির্বাচনের তফসিল ঘোষণার আগে জাতীয় সংসদ ভেঙে দেওয়া, এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা প্রবর্তন, নির্বাচনে টাকার খেলা ও পেশীশক্তি বন্ধসহ নির্বাচনী ব্যবস্থার সংস্কারের দাবি জানিয়েছে।

সিপিবি সভাপতি বলেন, “অতীতে ইলেকশনের নামে প্রহসন করার জন্য ক্ষমতাসীন সরকার দায়ী। অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য অতীতে আমরা লড়াই করেছি, এখনও করে যাচ্ছি, আগামীতে চালিয়ে যাব।”

সংবাদ সম্মেলনে বাম গণতান্ত্রিক জোটের বিভিন্ন দাবি বাস্তবায়নের লক্ষ্যে কয়েকটি কর্মসূচি ঘোষণা করা হয়।

এর মধ্যে বৃহস্পতিবার বিকালে মুক্তিভবনে বিভিন্ন পেশা-শ্রেণির ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা, ৮ সেপ্টেম্বর মুক্তিভবনে বুদ্ধিজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে মতবিনিময় সভা, ১০ সেপ্টেম্বর ঢাকাসহ সারাদেশের জেলা-উপজেলা পর্যায়ে সমাবেশ-বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে ‘দাবি দিবস’ পালন এবং ১১ সেপ্টেম্বর ঢাকা সচিবালয় অভিমুখে বিক্ষোভ কর্মসূচি রয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ নেতা বজলুর রশিদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের নেতা আবদুস সাত্তার, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক এবং গণসংহতি আন্দোলনের নেতা ফিরোজ আহমেদ।