শিক্ষার্থীদের আন্দোলন লক্ষ্যভ্রষ্ট হওয়ার শঙ্কা নাসিমের
লক্ষ্য অর্জনের পরও রাস্তায় থাকলে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন লক্ষ্যভ্রষ্ট হতে পারে বলে মনে করেন চৌদ্দ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শুক্রবার বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
নাসিম বলেন, “শিক্ষার্থীরা নয় দফা দাবি দিয়েছিল। দ্রুততম সময়ের মধ্যে নয় দফা দাবি মেনে নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আন্তরিকভাবে মায়ের মমতা নিয়ে নিহত পরিবারকে সান্ত্বনা দিয়েছেন।
“মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন পরিবহন আইন নেক্সট কেবিনেট মিটিংয়ে পাস করবেন। আমরা বিশ্বাস করি দেশে মমতাময়ী প্রধানমন্ত্রী আছে সে ক্ষেত্রে অবশ্যই অন্য যে কোনো সমস্যার মত এই সমস্যাও দ্রুত সমাধান হবে।”
তিনি আরও বলেন, “যে লক্ষ্যে চারদিন ধরে কিশোররা আন্দোলন করেছে, এ দেশের মানুষ সার্বিকভাবে সমর্থন করেছে। এখন লক্ষ্য অর্জিত হয়েছে। লক্ষ্য অর্জিত হওয়ার পরে আর কোনোভাবেই রাস্তায় থাকার অর্থ হয় না। এখন আমরা চৌদ্দ দলের পক্ষ থেকে ঘরে ফিরতে অনুরোধ করব। আমাদের ছেলে-মেয়েরা সবাই যেন এখন ঘরে ফিরে যায়, ক্লাসে ফিরে যায় এবং অভিভাবকদের অনুরোধ করব আমরা, প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন, নিহত পরিবারে পক্ষ থেকে বলা হয়েছে তারা যেন ঘরে ফিরে যান।
“কারণ লক্ষ্য অর্জনের পরেও যদি তারা বাইরে থাকে, তাহলে লক্ষ্য অর্জন শুধু নয় এই আন্দোলন লক্ষ্যভ্রষ্ট হয়ে যাবে। এটা মনে রাখতে হবে যখন লক্ষ্য অর্জিত হয়ে যায় তখন ক্ষান্ত দিতে হয়, না হলে লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।”
সড়কে অব্যবস্থাপনা ছিল জানিয়ে চৌদ্দ দলের মুখপাত্র বলেন, “চারদিন ধরে রোদে-বৃষ্টিতে যে প্রতিবাদ করেছে, অনেক ক্ষেত্রে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। কোথায় অব্যবস্থাপনা আছে, কোথায় আমাদের দুর্বলতা আছে। এটি অত্যন্ত দুঃখের বিষয় আমাদের অবশ্যই স্বীকার করতে হবে। আমাদের স্বীকার করতে লজ্জা নাই, দ্বিধা নাই। আমাদের সরকারের আমলে কিছু কিছু অব্যবস্থাপনা ছিল, আর এটা দীর্ঘদিনের।”
নৌমন্ত্রী পদত্যাগ করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, “নয় দফার মধ্যে একটি একটি দাবি ছিল নৌমন্ত্রীর ক্ষমা চাইতে হবে। তিনি দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছেন। এখন আমার কাছে মনে হয় এটা রাজনৈতিক দাবি উঠেছে। আন্দোলনের উদ্দেশ্য এটা ছিল না। কারণ পদত্যাগের মাধ্যমে এর সমাধান হবে না। আইন করে তা কঠোরভাবে প্রয়োগ করতে হবে।”
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, জাসদ একাংশের শরীফ নূরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির আনিসুর রহমান মল্লিক, কামরুল আহসান খান, কমিউনিস্ট কেন্দ্রের ওয়াজেদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির শাহাদাত হোসেন, বাসদের রেজাউর রশিদ খান, গণ আজাদী লীগের এস কে শিকদার, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিলীপ রায়, বিএমএ মহাসচিব মোস্তফা জালাল মহিউদ্দিন।
