আন্দোলন থেকে দৃষ্টি ঘোরাতে বঙ্গবন্ধু হত্যায় জিয়ার নাম: ফখরুল
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমানকে জড়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, সড়কে নিরাপত্তার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে ‘ডাইভার্ট’ করতেই প্রধানমন্ত্রী ওই বক্তব্য দিয়েছেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মামলায় জিয়ার বিচার করতে না পারায় আক্ষেপ প্রকাশ করেন শেখ হাসিনা।
সেই প্রসঙ্গ টেনে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, ‘‘এই অনির্বাচিত ও অবৈধ সরকারের প্রধানমন্ত্রী চিরাচরিত নিয়মানুযায়ী গতকাল আবারও জিয়াউর রহমান সাহেবের ওপরে আক্রমণ করেছেন।
“আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, কোথাও আজ পর্যন্ত একটি কথাও কেউ বলেননি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুজিব হত্যার ঘটনার সাথে জড়িত। মুজিব হত্যার যে বিচার হয়ে গেলো সেই বিচারের গোটা প্রসিডিংসের মধ্যে কোনো সাক্ষ্য-প্রমাণ, কেউ জিয়াউর রহমান সাহেবের নাম বলেননি।”
ফখরুল বলেন, ‘‘উদ্দেশ্যটা একমাত্র শিক্ষার্থীদের যে বিষয়টা চলছে তাকে ডাইভার্ট করা, ডায়লুট করা।
“এটা ইস্যুটা ডাইভার্ট করার জন্য তিনি (প্রধানমন্ত্রী) এটা বলেছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
শেখ হাসিনার উদ্দেশে ফখরুল বলেন, ‘‘আমরাও তো প্রশ্ন করতে পারি, একই সঙ্গে মানুষও প্রশ্ন করতেই পারে যে, আপনি বিদেশ থেকে ফিরে আসলেন তার ১৭ দিন পরে জিয়াউর রহমান সাহেব চট্টগ্রামে নিহত হলেন।
‘‘এই ধরনের ইস্যুগুলোকে সামনে টেনে নিয়ে আসলে কেঁচো খুঁড়তে সাপ বের হতে পারে।”
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘‘শেখ হাসিনার দেশে আগমন এবং ১৭ দিনের মাথায় জিয়াউর রহমান নিহত হলেন নৃশংসভাবে। এতে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন থাকতেই পারে এবং আছে।”
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, আতাউর রহমান ঢালী, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।
