২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিয়ার বাসায় ছাত্রলীগের সভাপতি-সম্পাদক

ঢাকায় বাসচাপায় নিহত শিক্ষার্থী দিয়া খানম মিমের বাসায় গিয়ে তার পরিবারকে সান্ত্বনা জানিয়েছেন ছাত্রলীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2018, 10:44 PM

Updated : 19 Aug 2022, 02:25 PM

দিয়াসহ দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর পর নিরাপদ সড়ক দাবিতে আন্দোলনের মধ্যে বৃহস্পতিবার ঢাকার মহাখালীতে দিয়ার বাসায় যান ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

দিয়ার বাবা-মাকে সান্ত্বনা দিয়ে শোভন বলেছেন, “আপনার সন্তান মারা গেছে, আমরাই আপনার সন্তান। আমাদের নিজের সন্তান মনে করে যে কোনো সময় ফোন করবেন, ডাকবেন, আমরা চলে আসব।”

রাব্বানী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘটনায় ব্যথিত। তিনি সব সময় আপনাদের পাশে আছেন। আমাদের আপনার সন্তানের মতো দেখবেন, আমরাও আপনাদের পাশে আছি, পাশে থাকতে চাই।”

গত রোববার ঢাকার বিমানবন্দর সড়কে বাসের জন্য অপেক্ষার সময় জাবালে নূর পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়েছিলেন দিয়া ও আবদুল করিম।

নিরাপদ সড়কের দাবিতে মৌন মিছিল

রাস্তায় শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে নিরাপদ সড়কের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল করেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এই মিছিল শুরু হয়ে ক্যাম্পাস ঘুরে আবার মধুর ক্যান্টিনে ফিরে সমাবেশ করে।

Image
নিরাপদ সড়কের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মৌন মিছিল

নিরাপদ সড়কের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মৌন মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি সঞ্জিত দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন মিছিলে নেতৃত্ব দেন।

সমাবেশে সঞ্জিত দাস বলেন, “ছাত্রদের আন্দোলনের সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি। মাননীয় প্রধানমন্ত্রী খুবই ব্যথিত হয়েছেন। এ আন্দোলনের প্রতি তার সহমর্মিতা রয়েছে। অতিদ্রুত নিয়মের মধ্য দিয়ে এ সমস্যার সমাধান হবে বলে আশা করছি।"

সাধারণ সম্পাদক  সাদ্দাম হোসেন বলেন, “আন্দোলনরত ছাত্ররা যে দাবি জানিয়েছে, তা যৌক্তিক। সড়ক দুর্ঘটনার পরিমাণ প্রশমনে দেশের সংশ্লিষ্ট যে আইন আছে, সেটির দ্রুত সংস্কার করে বাস্তবায়ন করা হবে,  এটাই সরকারের কাছে আমাদের দাবি।”