ইসিকে বিতর্কিত করতে চেয়েছে বিএনপি: তোফায়েল
নির্বাচন চলাকালে তা প্রত্যাখ্যান করে পুনরায় নির্বাচনের দাবি তুলে বিএনপির মেয়রপ্রার্থীরা সিটি করপোরেশন নির্বাচনের পাশাপাশি নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চেয়েছেন বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সচিবালয়ে মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “আগেরবার ক্ষমতায় থেকেও পাঁচটি সিটি করপোরেশনে হেরেছি। জেতার আগে বিএনপি বলেছে সবগুলো কারচুপি করে আমরা নিয়ে যাব। সুতরাং বিএনপির এই অভিযোগ মূলত নির্বাচন কমিশন ও ইলেকশনকে বিতর্কিত করা।”
সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ফল আগাম প্রত্যাখ্যান করে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী এই নির্বাচন বাতিলেরও দাবি জানিয়েছিলেন।
অন্যদিকে কারচুপিসহ নানা অনিয়মের অভিযোগ তুলে নিজের ভোটও দেননি রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল।
বিএনপি কেন্দ্রীয়ভাবে তিন সিটি নির্বাচনকে ‘প্রহসনের ভোট’ বললেও পরে শুধু রাজশাহী ও বরিশালে পুনরায় ভোটের দাবি জানিয়েছে।
তোফায়েল বলেন, “১৯৯৬ সালে আমরা জিতেছি, বিএনপি বলেছে আমরা কারচুপি করেছি। ২০০৮ সালের নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হলেও তারা বলেছে ব্যাপক কারচুপি হয়েছে।
“২০১৩ সালে গাজীপুরের নির্বাচনে বলেছে কারচুপির মাধ্যমে আমাদের (বিএনপি) হারিয়ে দেওয়া হবে, পরে দেখা গেল এক লাখ ভোটের ব্যবধানে তারা (বিএনপি) জিতেছে।”
ভোটের খতিয়ান তুলে ধরে সিলেট সিটি করপোরেশনে বিএনপির মেয়রপ্রার্থী আরিফুল হক জিতেছেন জানিয়ে তোফায়েল বলেন, “কাল কিন্তু তিনি নির্বাচন প্রত্যাহার করেছেন, পুনঃনির্বাচন দাবি করেছেন। তিন সিটির মধ্যে দুটোতে আমরা, একটিতে বিএনপি জিতেছে, এর মানে কী?”
বরিশালে আওয়ামী লীগের প্রার্থী সেরনিয়াবাত সাদিকের থেকে ৮৭ হাজারের বেশি ভোটে পিছিয়ে থাকা বিএনপি প্রার্থী মজিবর রহমান সরওয়ার প্রসঙ্গে তোফায়েল বলেন, “বরিশালে সরওয়ার যেটা করেছে… একটা প্রার্থী নিজের ভোটকেন্দ্র কোনটা জানে না, ভোটার নম্বর কত জানে না। তার মানে আগে থেকে প্রস্তুতি নিয়েছে আমি নির্বাচন করব না।
“তারা বোঝাতে চেয়েছিল এই সরকারের অধীনে নির্বাচনের কোনো পরিবেশ নাই, তাই সে নির্বাচন নিয়ে সিরিয়াস ছিল না।”
সংবিধান অনুসারে বর্তমান সরকারের অধীনে এবং এই নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে বলেও সাফ জানিয়ে দেন বাণিজ্যমন্ত্রী।
বিএনপির সামনে দরজা খোলা আছে উল্লেখ করে তোফায়েল বলেন, “নির্বাচনে অংশগ্রহণ না করলে যে কি করুণ পরিণতি হয়…২০১৪ সালের নির্বাচন না করে আজকে বিএনপির এই করুণ পরিণতি হয়েছে।
“২০১৪ সালে নির্বাচন করলে হয় তারা ক্ষমতায় যেত নয় অনেক আসন নিয়ে বিরোধীদলে থাকত। আজকে না আছে ক্ষমতায়, না আছে বিরোধী দলে, না আছে রাজপথে। তাদের জন্য একটা করুণ অবস্থা দেশে বিরাজ করছে।”
বিএনপিকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ‘পরামর্শ’ দিয়ে তিনি বলেন, “… উত্তরণের একটিই পথ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রাহিম বলে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া।
তা না হলে বিএনপি অস্তিত্বের সংকটে পড়বে বলে মন্তব্য করেন তোফায়েল।
আরও খবর
