২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এটা কি সুষ্ঠু নির্বাচনের নমুনা?’

নির্বাচনের আবহে থাকা তিন সিটি করপোরেশনে বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার করে পুলিশ অন্য জেলায় গ্রেপ্তার দেখাচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিএনপিনেতা খন্দকার মোশাররফ হোসেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2018, 05:12 PM

Updated : 19 Aug 2022, 02:23 PM

রাজধানীতে দুপুরে এক আলোচনা সভায় দলের বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “আজকের পত্র-পত্রিকায় দেখেন যে, তিন সিটিতে আমাদের নেতাকর্মীদের কী পরিমাণ গ্রেপ্তার করা হচ্ছে, গণগ্রেপ্তার করা হচ্ছে। আর তাদের অন্য জেলায় চালান দিয়ে দেওয়া হচ্ছে।

“পুলিশ কমিশনার ও এসপি রিপোর্ট দিয়ে দিচ্ছেন যে, সিটি করপোরেশনে কোনো গ্রেপ্তার হচ্ছে না। এটা কি সুষ্ঠু নির্বাচন বা লেভেল প্লেয়িং ফিল্ডের নমুনা? ”

সাবেক মন্ত্রী বলেন, “হাই কোর্ট বিধিনিষেধ করল যে, নির্বাচনের সময়ে গ্রেপ্তার করা যাবে না। নির্বাচন কমিশনও বলেছে গ্রেপ্তার করা যাবে না। এরপরও উচ্চ আদালত ও ইসি কেউ কোনো পরোয়া করছে না। পু্লিশ ও স্থানীয় প্রশাসন কোনো আদেশই মানছে না।”

বরিশাল, সিলেট  ও রাজশাহীতে ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোটকেন্দ্রে যেসব এজেন্ট নিয়োগ দেওয়া হয়েছে তাদের ভয়ভীতি দেখিয়ে ‘বাড়ি-ঘর ছাড়া’ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

খন্দকার মোশাররফ বলেন, “আমরা দেখতে পাচ্ছি, তিন সিটিতে সরকার খুলনা-গাজীপুর মডেলের মতো ভোট করতে চাচ্ছে। তারা স্থানীয় প্রশাসন ও পুলিশকে ব্যবহার করে ভোট ছিনতাই করতে যাচ্ছে, ডাকাতি করে ভোট নিয়ে যাওয়ার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছে।”

একাদশ নির্বাচনকে ‘অংশগ্রহনমূলক’ করতে হলে অবশ্যই খালেদা জিয়ার মুক্তি দিতে হবে উল্লেখ করে ভোটাধিকার নিশ্চিত করতে ‘জনগণ রাজপথে’ নামবে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশে আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানীর ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়।

সংগঠনের সভাপতি আজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির একাংশের মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির জহিরউদ্দিন স্বপন, জাগপার খোন্দকার লুৎফর রহমান, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, ইসলামী ঐক্যজোটের শওকত আমীন, জমিয়তে উলামায়ে ইসলামের মহিউদ্দিন ইকরাম প্রমুখ বক্তব্য রাখেন।

‘তিন সিটিতে ইসি ‘নিরব দর্শক’

তিন সিটি করপোরেশন নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ জানানো হলেও নির্বাচন কমিশন নিরব দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সকালে নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “তিন সিটিতে বিরোধীদলের কর্মী-সমর্থকদের তালিকা ধরে গ্রেপ্তার অব্যাহত আছে। অবিরাম পুলিশি হয়রানিতে নিরাপত্তাহীনতায় ভুগছে বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীদের অসহায় পরিবার।

“গ্রেপ্তারের পর পুলিশ নেতাকর্মীদের অবস্থান জানায় না। নির্বাচন নিয়ে এতো অনাচারের পরেও নিরব দর্শকের ভূমিকা পালন করছে ইসি।”

অবিলম্বে গ্রেপ্তারদের মুক্তির দাবিও জানান রিজভী।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মেহেদি আহমেদ রুমি, কেন্দ্রীয় নেতা বেলাল আহমেদ, রফিক শিকদার, আবদুল খালেক প্রমুখ উপস্থিত ছিলেন।