সিলেট সিটি ভোট: ছুটির দিনেও প্রার্থীদের ছোটাছুটি
শুক্রবার ছুটির দিনে সিলেট শহরের রাস্তাঘাট প্রায় নিরবই থাকে। তবে এখনকার চিত্র ভিন্ন। সিটি করপোরেশন নির্বাচনে ভোটের দিন ঘনিয়ে আসায় ছুটির দিন সকাল থেকেই প্রচারে সরব প্রার্থীরা।
সকালে তের রতন, সাদারপাড়া এলাকায় গণসংযোগ করেন বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী। জুমার নামাজ শেষে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন।
পরে সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করেন, নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশের হয়রানি বাড়ছে।
“শেষ মুহূর্তে এসে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। কর্মীদের ভয়ভীতি দেখিয়ে এলাকাছাড়া করছে। টেলিফোনে হুমকি দেওয়া হচ্ছে। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।”
নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না অভিযোগ করে আরিফুল বলেন, “আমরা আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে অচরণবিধি লঙ্ঘনের সুনির্দিষ্ট প্রমাণসহ অভিযোগ দায়ের করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতেই বোঝা যায় নির্বাচন কমিশন সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে।”
নির্বাচনের দিন দায়িত্ব পালন করা প্রিসাইডিং কর্মকর্তাদের পুরনো তালিকা থেকে অনেককে বাদ দিয়ে পছন্দের লোকজনকে প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
অন্যদিকে বেলা দশটার দিকে নগরের টালিবন্দর এলাকা থেকে প্রচার শুরু করেন আওয়ামী লীগের প্রার্থী বদরুদ্দিন আহমেদ কামরান। বাসা-বাড়ি, দোকানে গিয়ে ভোট চান তিনি।
দুপুরে শেখঘাট জামে মসজিদে জুমার নামাজ পড়েন কামরান। এ সময় মুসল্লিদের কাছেও ভোট এবং দোয়া চান তিনি।
পরে সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত আনন্দঘন পরিবেশে নির্বাচন হচ্ছে। জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।
“প্রচার-প্রচারণা দেখে যা বুঝতে পারলাম, আমি বলতে পারি সিলেটে আওয়ামী লীগের জোয়ার সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে যে উন্নয়ন করেছেন সে কারণে মানুষ এখন ইতিবাচক রাজনীতির দিকে আসছেন। মানুষ নেতিবাচক-জ্বালাও পোড়াওয়ের রাজনীতি দেখতে চায় না। নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়ী হব।”
“সকল প্রার্থী প্রচার প্রচারণা চালাচ্ছে। সমস্ত শহরে সবার পোস্টারে ছেয়ে গেছে। সবার মাইকিং হচ্ছে, সবাই বক্তৃতা করছে। সবাই তো সমান সুযোগ পাচ্ছে। কেউ বেশি, কেউ কম পাচ্ছে না। সেখানে শঙ্কা থাকার কোনো কারণ নেই। শঙ্কা তো আমাদের মধ্যেও আছে। গতকাল ৪ নম্বর ওয়ার্ডে আমাদের একটা নির্বাচনী কেন্দ্রের সামনে ককটেল হামলা হয়েছিল।”
বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, “কেউই আইনের উর্ধ্বে নয়। কারও বিরুদ্ধে মামলা থাকলে, এজাহারভুক্ত আসামি থাকলে, কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তাকে গ্রেপ্তার করা পুলিশের দায়িত্ব। সেখানে পুলিশ কি করে সেটা তাদের দায়িত্ব। সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না।”
স্বতন্ত্র প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের সকালে তিন নম্বর ওয়ার্ড এলাকায় গণসংযোগ করেন। পরে তার কর্মী-সমর্থকরা মিছিল নিয়ে মদিনা মার্কেট থেকে বন্দরবাজার কোর্ট পয়েন্ট এলাকায় যান। টেবিল ঘড়ি প্রতীকে ভোট চান তারা।
জয়ের ব্যাপারে আশাবাদ জানিয়ে তিনি বলেন, “আমি সবসময় আশাবাদী। সব সময় পজিটিভ। সিলেটবাসী ইনশাআল্লাহ আমাদের বিপুল ভোটে নির্বাচিত করবে।”
তবে তিনিও সুষ্ঠু নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
“কিছু কিছু সমস্যা-সঙ্কট আমরা দেখতে পাচ্ছি। মামলা হচ্ছে। গ্রেপ্তার করা হচ্ছে আমাদের নেতাকর্মীদের। আমাদের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। আমার একটা পথসভায় ছাত্রলীগ এবং সরকারদলীয় কর্মীরা হামলা করেছে।
“আমদের কিছু নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অনেক নেতাকর্মীর বাসায় সাদা পোশাকের পুলিশ গিয়ে খোঁজখবর নিচ্ছে।”
