২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ভোটারদের ভোট ভাবনা

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের আর তিনদিন বাকি থাকতে প্রার্থীরা যখন প্রচারে ব্যস্ত, ভোটাররাও নিজেদের মন ঠিক করে নিচ্ছেন।

তাবারুল হক

বরিশাল থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2018, 05:35 PM

Updated : 11 Oct 2022, 12:31 PM

আসছে ৩০ জুলাই এই সিটির ভোটে যিনি নতুন মেয়র হবেন তার কাছে সাধারণ প্রত্যাশাগুলো উঠে এসেছে ভোটারদের কথায়। 

নগরের উন্নয়নের জন্য ভোটারদের একটি অংশ তরুণ নেতৃত্বের প্রতি সমর্থন দেওয়ার কথা বলেছেন। বিপরীতে আইনশৃঙ্খলা বজায় রাখা ও জনগণের ওপর ‘ক্ষমতার অপব্যবহার’ বন্ধে অপেক্ষাকৃত ‘নীরব’ প্রার্থীকে জয়ী করার পক্ষে ভোটারদের আরেকটি অংশ।

শুক্রবার পর্যন্ত গত দুই দিন নগরীর বিভিন্ন ওয়ার্ড, পাড়া-মহল্লায় ঘুরে বিভিন্ন শ্রেণি-পেশার ভোটারদের সঙ্গে কথা বলে এমন আভাস পাওয়া গেছে।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হয়েছেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও বিএনপির ধানের শীষের প্রার্থী মো. মজিবুর রহমান সরোয়ার। এছাড়া অন্যান্য দল ও স্বতন্ত্র মিলিয়ে মেয়রপ্রার্থী মোট সাতজন।

সম্প্রতি অনুষ্ঠিত গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের মত এ নির্বাচনেও নৌকা ও ধানের শীষ প্রতীকের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করেন নাগরিকরা।

তবে শ্রমিক শ্রেণির একটি অংশের সমর্থন রয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী মনীষা চক্রবর্তীর (মই) প্রতি।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ওবাইদুর রহমান মাহাবুবের (হাতপাখা) প্রতিও ভোটারদের একটি অংশের সমর্থন রয়েছে বলে মনে করা হচ্ছে।

নগরীর ২২ নম্বর ওয়ার্ডের ভোটার মুদি দোকানি মো. শাওন বলেন, “অনেক প্রার্থী থাকলেও মূল প্রার্থী সরোয়ার ও সাদিক। খেলাটা মূলত এই দুইজনের মধ্যে হবে। যদি সুষ্ঠু ভোট হয় তাহলে এই দুই প্রার্থী প্রায় সমান-সমান ভোট পাবে।”

ভোটে কোনো বিশৃঙ্খলার আশঙ্কা দেখছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, “মেয়র প্রার্থীদের লোকদের মধ্যে আপাতত কোনো সমস্যা দেখা যাচ্ছে না, তবে এই ওয়ার্ডে ছয়জন কাউন্সিলর প্রার্থী আছে, তাদের মধ্যে ঝামেলা হতে পারে।”

নথুল্লাবাদ বাসট্যান্ড মোড়ের ফল বিক্রেতা ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সাঈদ বলেন, “যে প্রচারণা দেখছি তাতে তো মনে হয় নৌকাই জয়ী হবে। সব জায়গাতে নৌকার কথা শুনি।”

তবে ২৮ নম্বর ওয়ার্ডের ভোটার রিকশাচালক রহিম মিয়ার মতে, ধানের শীষের প্রার্থীর প্রতি ভোটারদের মনোভাব ইতিবাচক।

“মানুষ ভেতরে ভেতরে বিএনপি, কিন্তু ওপরে বলে নৌকা। যদি সুষ্ঠু ভোট হয় নিশ্চিত ধানের শীষের বিজয় হবে।”

২২ নম্বর ওয়ার্ডের মকবুল আহমেদ বলেন, “মানুষ একটা পরিবর্তন চায়। উন্নয়নের জন্য মানুষ নতুন মুখ চায়। জনগণ যেভাবে সাড়া দিয়েছে এতে পরিবর্তন হবে, আওয়ামী লীগ প্রার্থী প্রায় দ্বিগুণ ভোটে বিজয় লাভ করবে।”

সুষ্ঠু ভোট হবে আশা ব্যক্ত করে তিনি যুক্তি দিয়ে বলেন, “এই নির্বাচনে সব দলের পক্ষ থেকে প্রার্থী আছে, সবাই প্রচারণায় নেমেছে; নির্বাচন কমিশনেরও সব ধরনের প্রস্তুতি রয়েছে, তাহলে কেন সুষ্ঠু ভোট হবে না?”

তবে একই এলাকার বাসিন্দা আলী আজম খান বললেন একটু অন্যভাবে।

তিনি বলেন, “২১ বছর বিএনপি সমর্থিত প্রার্থীরা এই নগরীর প্রতিনিধিত্ব করেছেন, কিন্তু উন্নয়ন হয়নি। হিরণ মিয়া পাঁচ বছরেই নগরীর চেহারা পাল্টে দিয়েছেন, তারপরও তাকে পরে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেনি। উন্নয়নের জন্য এমন ভুল যেন আর না হয়।”

বাংলাবাজার এলাকার ভোটার আফরোজা আক্তার বলেন, “নির্বাচনে কোনো ঝামেলা হবে না বলেই তো মনে হচ্ছে। সব ধরনের প্রচারণায় তো আওয়ামী প্রার্থী এগিয়ে আছে। ভোট নিয়ে মানুষের মধ্যে কোনো ধরনের ভয়ভীতি নেই।”

নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকার অটোচালক রুবেল হোসেন বলেন, “নৌকা মার্কা পাস করবে, কারণ সবাই বলছে নৌকার প্রার্থী সাদিক আব্দুল্লাহর লোকজন বেশি। সব জায়গাতে তাদের পাওয়া যায়।”

আমতলী এলাকার ভোটার ও কলেজ ছাত্রী মাশরিফা মুন্সি বলেন, “রাস্তা-ঘাটে তো সব দলেরই ব্যাপক প্রচারণা, মানুষের মধ্যেও ভোট নিয়ে সাড়া ফেলেছে। আমার তো মনে হচ্ছে সুষ্ঠু ভোট হবে।”

২৫ নম্বর ওয়ার্ড রূপাতলী বাসট্যান্ড এলাকার ভোটার ও অটোরিকশাচালক জসিম হাওলাদার বলেন, “মানুষ ওপর দিয়ে খালি বলে নৌকা, কিন্তু ভেতরে ভেতরে অন্য কিছু। সাধারণ মানুষ তাদের সাপোর্ট প্রকাশ করতে পারে না, ভয় আছে। হিরণ মিয়া উন্নয়নের জোয়ার বইয়ে দিলেও দলের লোকজনের ক্ষমতার দাপটের কারণে পরে হারছে। এই জন্য মানুষ একটু শান্তিতে থাকতে চায়, উন্নয়নের কথা পরে চিন্তা করে।”

একই এলাকার ভোটার শরীফ মৃধা বলেন, “আমি মনে করি মনীষাকে ভোট দেওয়া দরকার। কারণ তিনি শ্রমিকদের পক্ষে লড়াই করেন। যদিও তিনি পাস করবেন না, তারপরও বহু শ্রমিক তাকে ভোট দিবে।”

১৭ নম্বর ওয়ার্ড ফকির বাড়ি রোড এলাকার ভোটার ব্যবসায়ী মাহবুব রহমানের অভিযোগ, প্রশাসনের লোকজন বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করছে, এতে ভোটারটা আতঙ্কিত হয়ে পড়ছে।

“এ ধরনের তল্লাশির কারণে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কমে যেতে পারে,” শঙ্কা মাহবুবের।