২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন থেকে পালিয়ে যাওয়ার লোক নই: গয়েশ্বর

নানা অভিযোগ তুলে বিএনপি সিটি করপোরেশন নির্বাচন থেকে সরে যাওয়ার পথ খুঁজছে বলে আওয়ামী লীগ নেতাদের অভিযোগের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে শেষ সময় পর্যন্ত থাকবে তার দল।

নিজস্ব প্রতিবেদক

ও রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2018, 10:17 PM

Updated : 08 Apr 2022, 06:46 PM

বৃহস্পতিবার সকাল রাজশাহীর মালোপাড়া এলাকার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নির্বাচনের আচরণবিধি নির্বাচন কমিশন মানে না, এই নির্বাচন আচরণবিধি আওয়ামী লীগ মানে না, সেখানে আমরা নির্বাচন আচরণবিধি পূর্ণাঙ্গভাবে মানার পরেও আমাদের যতটুকু অধিকার বা সুযোগ থাকে নির্বাচনের পক্ষে কাজ করার, সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েও আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি।

“তাদের যে খোঁড়া যুক্তি- নির্বাচন থেকে পালিয়ে যাওয়ার। আমরা নির্বাচন থেকে পালিয়ে যাওয়া লোক নই।”

বরিশাল ও সিলেটের সঙ্গে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনেও ভোট গ্রহণ করা হবে ৩০ জুলাই। তিন সিটিতেই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীরা।

রাজশাহীতে দলের প্রার্থীর পক্ষে প্রচারে এসে প্রার্থীর ডাকা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কেন্দ্রীয় নেতা গয়েশ্বর।

বিএনপির প্রতি জনগণের সমর্থন দাবি করে তিনি বলেন, “আমরা তাদের (সরকারের) শেষ নোংরামি, শেষ সন্ত্রাস, ভোট ডাকাতির আরও নতুন কোনো কৌশল রাজশাহীতে যদি করে, সেটা দেখার অপেক্ষায় আছি।”

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “একটি নির্বাচনকে সুষ্ঠু করার জন্য অত্র এলাকায় অস্ত্র-গুলিকে নির্বাচন কমিশন সরকারের আওতায় নেয়, সরকার জমা নেয়। কিন্তু এই সিটি করপোরেশন নির্বাচনের আগে বৈধ-অবৈধ অস্ত্র জমা নেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হয় নাই।

“আপনারা জানেন, বর্তমান সরকারের আমলে যত্রতত্র, যার তার কাছে অস্ত্র আছে। সুতরাং এই অস্ত্রগুলো যখন ব্যবহার হবে তখন এগুলো প্রতিরোধ করার ক্ষমতা পুলিশের নাই, ইচ্ছাও নাই।”

সংবাদ সম্মেলনে রাজশাহীতে বিএনপি থেকে ধানের শীষের প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল লিখিত বক্তব্য দেন। এ সময় অন্যদের বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শাহজাহান মিয়াসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।