২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এত ঘন ঘন দিল্লি যাচ্ছেন কেন: কাদের

বিএনপির দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সব সময় ‘ভারতভীতিতে’ ভুগলেও নির্বাচন এলে তাদের ‘ভারতপ্রীতি’ বেড়ে যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2018, 09:49 PM

Updated : 19 Aug 2022, 02:22 PM

দলটির নেতারা এখন ঘন ঘন নয়া দিল্লি সফর করছেন দাবি করে তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

মঙ্গলবার বিকালে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে এসব বলেন ওবায়দুল কাদের।

বিএনপি নেতৃত্বাধীন জোটের বর্জনের মধ্যে অনুষ্ঠিত ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে জয়ী হয়ে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ। তৎকালীন কংগ্রেস নেতৃত্বাধীন দিল্লি সরকার বাংলাদেশের ক্ষমতাসীনদের ‘সমর্থন দিয়েছিল’ অভিযোগ করে তার সমালোচনা করে আসছিলেন বিএনপি নেতারা।

এ বছরের শেষ দিকে অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচন ঘিরে ভারতের এখনকার সরকারের ভিন্ন অবস্থান প্রত্যাশা করেন তারা। গত মাসে ভারত সফর দেশে ফিরে দলটির নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আবদুল আউয়াল মিন্টু বলেছিলেন, বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন নিয়ে তাদের ‘দৃষ্টিভঙ্গির’ পরিবর্তন দেখতে পেয়েছেন তারা।

এরপরে বিএনপির আর কোনো নেতার ভারতে যাওয়ার খবর আসেনি। এরমধ্যে গত ১২ জুলাই কারাবন্দি খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবী তার পক্ষে সংবাদ সম্মেলন করতে নয়া দিল্লি পৌঁছালে তাকে বিমানবন্দর থেকেই নিজের দেশের ফ্লাইট ধরিয়ে দেওয়া হয়।

ভারতের ওই আচরণের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের’ দেশের এই আচরণে তারা ‘মর্মাহত’।

এরপর ভারতযোগ নিয়ে কোনো পক্ষ থেকে আর কিছু বলা হয়নি।

মঙ্গলবারের এই সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, “ভারত ভীতিটা যাদের এত প্রবল, ইলেকশন আসলে ভারতপ্রীতি কেন বেড়ে যায়?যারা সারা বছরই ভারতভীতিতে ভোগে ইলেকশন আসলেই তাদের ভারতপ্রীতি কেন? এত ঘন ঘন যাচ্ছেন কেন?”

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “বাংলাদেশের রাজনীতিতে ভারত কাউকে ক্ষমতায় বসাবে এটা আমরা বিশ্বাস করি না। এজন্য আমরা তোষামোদিও করি না।”

বিএনপির রাজনীতি ‘ছদ্মবেশী বিদ্বেষপ্রসূত’ দাবি করে কাদের বলেন, “এই নেতিবাচক রাজনীতির কারণে আগামী নির্বাচনেও বিএনপির পরাজয় হবে এবং আগামী নির্বাচনে তাদের মাশুল দিতে হবে।”

নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক মেরুকরণ স্পষ্ট হবে মন্তব্য করে তিনি বলেন, “আমাদের এখানে সাম্প্রদায়িকতা একটা ব্যাপার আছে, এখানে ডিভাইসিভ পলিটিক্স আছে, সেখানে পোলারাইজেশনটা কার সঙ্গে কার হবে, কীভাবে ঘটবে? এই সব বিষয়গুলোর সমীকরণটা একটা পর্যায়ে কোথায় দাঁড়াবে, সেটা এখন বলা যাবে না।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুরনাহার লাইলী, কার্যনিবাহী সদস্য এ বি এম রিয়াজুল কবির কাওসার, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিলসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।