২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে আরিফুলেই বিএনপির ভরসা

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর ওপর ভরসা রেখে তাকেই প্রার্থী করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2018, 05:04 PM

Updated : 11 Oct 2022, 12:27 PM

পুরনো খবর:

রাজশাহীতে বুলবুলকে রেখে বরিশালে বিএনপির প্রার্থী বদল

দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিকালে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, সিলেটে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীকেই আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত করেছে দলের স্থায়ী কমিটি তথা মনোনয়ন বোর্ড।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক ২০১৩ সালে ১৫ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন।

রিজভী বলেন, “সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে আরিফুল হক চৌধুরীকে। তাকে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।”

আগামী ৩০ জুলাই রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নিরবাচনে ভোটগ্রহণের দিন রাখা হয়েছে।

এজন্য নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ জুন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত।

বিএনপির এরই মধ্যে রাজশাহীতে বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও বরিশালে দলের যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে।

বরিশালে এবারও প্রার্থী হতে সাক্ষাৎকার দিয়েছিলেন বর্তমান মেয়র আহসান হাবীব কামাল। ২০১৩ সালে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের শওকত হোসেন হিরণকে হারিয়ে মেয়র নির্বাচিত হন তিনি।

আর সরোয়ার বরিশাল সিটি করপোরেশনের প্রথম মেয়র ছিলেন।

অন্যদিকে বরিশালে আওয়ামী লীগ প্রার্থী করেছে সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে সাদেক আবদুল্লাহকে।

রাজশাহীতে এবারও নৌকা প্রতীকে মেয়র হতে লড়বেন এ এইচ এম খায়রুজ্জামান

লিটন, যিনি একবার মেয়র নির্বাচিত হওয়ার পর ২০১৩ সালের নির্বাচনে বুলবুলের কাছে হেরেছিলেন।

সিলেটে আওয়ামী লীগ গতবার হেরে যাওয়া বদরউদ্দিন আহমদ কামরানকেই প্রার্থী করেছে। তিনিও একবার মেয়রের দায়িত্ব পালনের পর গতবার আরিফুল হকের কাছে হেরেছিলেন।