খালেদার মুক্তির দাবিতে জেলা প্রশাসকদের স্মারকলিপি দেবে বিএনপি
চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আগামী বৃহস্পতিবার সারাদেশে জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি দেবে বিএনপি।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, “ঈদুল ফিতরের আগেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত ও সুচিকিৎসার দাবিতে আগামী ১৪ জুন বৃহস্পতিবার সারাদেশে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করবে জেলা বিএনপি। দলের পক্ষ থেকে এই কর্মসূচি আমি ঘোষণা করছি।”
কারাগারে অসুস্থ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকারের তুচ্ছ-তাচ্ছিল্য ও অবহেলার কঠোর সমালোচনা করেন রিজভী।
তিনি বলেন, “ইউনাইটেড হাসপাতালে উন্নতমানের চিকিৎসার দাবি উপেক্ষা করে সরকার তাকে পিজি হাসপাতালে চিকিৎসা দেওয়ার কথা বলে চলেছে। সেখানে সব দলবাজ চিকিৎসক। বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে আগেই সেখান থেকে চাকুরিচ্যুত করে বিদায় করে দেওয়া হয়েছে।
“আওয়ামী লীগের দলবাজ চিকিৎসকদের দ্বারা বেগম খালেদা জিয়ার যথাযথ চিকিৎসা হবে না। কেননা তাদের ওপর দেশনেত্রী ও দেশের মানুষের কোনো আস্থা নেই।”
ইউনাইটেড হাসপাতালে না নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসার সরকারি সিদ্ধান্ত ‘দুরভিসন্ধিমূক ও সুপরিকল্পিত চক্রান্ত’ বলে মন্তব্য করেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।
“দেশনেত্রী পিজি হাসপাতালে চিকিৎসা নিরাপদ মনে করেন না। দেশের জনগণ তার অসুস্থতা নিয়ে চরম উৎকন্ঠায় আছে। আমরা আবারও দাবি জানাচ্ছি, আর কালবিলম্ব না করে ইউনাইটেড হাসপাতালে তার সুচিকিৎসার ব্যবস্থা করা হোক। ঈদের আগেই তাকে মুক্তি দেওয়া হোক।”
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।
