২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটে ব্যাংক লুটপাটকারীদের পৃষ্ঠপোষকতা: সাম্যবাদী দল

প্রস্তাবিত বাজেটে ব্যাংক লুটপাটকারীদের ‘পৃষ্ঠপোষকতা’ করা হয়েছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিক বাংলাদেশের সাম্যবাদী দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2018, 06:35 PM

Updated : 08 Apr 2022, 06:30 PM

শনিবার এক বিবৃতিতে দলটির সাধারণ সম্পাদক সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, “ঘোষিত বাজেটে ব্যাংক লুটপাটকারী এবং ব্যাংকে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতি চরম পৃষ্ঠপোষকতা করা হয়েছে। এতে করে অর্থনৈতিক দুর্বৃত্তায়নের দাপট দারুণভাবে বৃদ্ধি পাবে এবং দেশে লুটপাটতন্ত্রের ভিত্তি মজবুত হবে।”

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্পোরেট কর কমানোর বিরোধিতা করে বিবৃতিতে বলা হয়, “এতে ব্যাংকে নৈরাজ্য সৃষ্টিকারীদের দৌরাত্ম্য বৃদ্ধি পাবে এবং পর্যায়ক্রমে সরকারকে বিভিন্ন অজুহাতে জিম্মি করে ফেলবে।”

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার ব্যয়ের ফর্দ উপস্থাপন করেন মুহিত।

এবার বাজেটে মুহিত ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য কর্পোরেট ট্যাক্স কমানোর যে প্রস্তাব করেছেন, তা নিয়েও সমালোচনা হচ্ছে।

মুহিতের ওই প্রস্তাবের বিরোধিতা করে সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ব্যাংক খাতের বিদ্যমান ‘নৈরাজ্যের’ সমাধান না করে এ ধরনের সুবিধা দেওয়া উচিৎ হবে না।

এ বিষয়ে শুক্রাবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকরা নানাভাবে প্রশ্ন করলেও অর্থমন্ত্রী সেই প্রসঙ্গেই যাননি।