২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের বাজেট দেওয়ার এখতিয়ারই নেই: মঈন খান

বর্তমান সরকার দেশের ‘জনগণের প্রতিনিধিত্ব করে না’ দাবি করে বিএনপি নেতা আবদুল মঈন খান বলেছেন, এই সরকারের বাজেট দেওয়ার ‘এখতিয়ারই নেই’।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2018, 01:20 AM

Updated : 19 Aug 2022, 02:09 PM

শুক্রবার এক আলোচনা সভায় তিনি বলেন, “এদেশের বাজেটের কী পরিস্থিতি সে সম্বন্ধে সাংবাদিকরা জানতে চেয়েছেন। আমি শুধু বলব, এমন একটি সরকার এই বাজেট দিয়েছে, যে সরকার গঠিত হয়েছে এমন একটি পার্লামেন্টে যার ১৫৪ জন এমপি যারা নির্বাচন করে হননি, বিনা নির্বাচনে হয়েছেন।

“বাকী ১৪৬ জন হয়েছেন শতকরা ৫ ভাগ মানুষের ভোটে। টেলিভিশনে আমরা দেখেছি, ২০১৪ সালের নির্বাচনে কুকুর এবং বেড়াল ভোট কেন্দ্রে ছিল, মানুষ ছিল না। এটাই প্রমাণিত যে, পার্লামেন্ট এটা ১৭ কোটি মানুষের প্রতিনিধিত্ব করে না। এই পার্লামেন্টে যে সরকার গঠিত হয়েছে তারা জনগণের প্রতিনিধিত্ব করে না।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, “জনপ্রতিনিধিত্ব ছাড়া যারা বাজেট উপস্থাপন করে সেটা জনগণের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। এই  বাজেট দেওয়ার এখতিয়ার এই সরকারের নেই।”

চার লাখ ৬৫ হাজার কোটি টাকার এই বাজেটের সমালোচনা করে তিনি বলেন, “এই টাকা তাদের নয়, জনগণের অর্থ। জনগণের পকেট কেটে সেই টাকা যথেষ্ট অপচয় করে তারা বাজেট করেছে। একদিন এজন্য দেশের মানুষের কাছে এই সরকারের জবাবদিহি করতে হবে।

“আমাদের বুঝতে হবে, একটি বাজেটের আকার দিয়ে কোনো দিন বাজেটের গুণাগুণ বিচার করা যায় না। বাজেটের গুণাগুণ সেভাবে বিচার করতে হয়, সেই বাজেটের অর্থ কীভাবে সমৃদ্ধ হচ্ছে এবং সেই সমৃদ্ধ অর্থ কীভাবে ব্যয় হচ্ছে।”

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী সংগ্রামী দলের উদ্যোগে এই আলোচনা সভা হয়।

সংগঠনের সভানেত্রী ফারজানা জাহান নিপার সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সারোয়ার হোসেন, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার বক্তব্য রাখেন।