‘রাজনৈতিক বিবেচনায় গ্রেপ্তার হচ্ছে না মাদকের মূল হোতারা’
মাদক চোরাচালান ও বিস্তার চক্রের সঙ্গে জড়িত রাঘব বোয়ালদের ‘রাজনৈতিক বিবেচনায়’ গ্রেপ্তার না করে ‘নিরীহ মানুষ হত্যা’ করে সরকার মাদকবিরোধী অভিযানকে প্রশ্নবিদ্ধ করছে বলে অভিযোগ এসেছে একটি সমাবেশ থেকে।
শুক্রবার বিকালে রাজধানীর শাহবাগে লেখক-শিল্পী-ছাত্র-শিক্ষক-সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও পেশাজীবীবৃন্দ ব্যানারে এই সমাবেশ থেকে মাদকবিরোধী অভিযান পরিচালনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইন বিভাগের সততা ও সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেন অধিকারকর্মীরা।
ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ বলেন, সরকার মাদক চোরাচালান ও বিস্তারের সঙ্গে জড়িত মূল রাঘববোয়ালদের ‘কেবল রাজনৈতিক বিবেচনাতেই’ গ্রেপ্তার করছে না।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে মাদক চোরাচালানের অভিযোগ থাকলেও আওয়ামী লীগের উচ্চপর্যায়ের ‘আশীর্বাদপুষ্ট’ বলে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
একই বিবেচনায় খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজানকেও ছাড় দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন শরিফ।
এতে মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগকে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়; সরকারের মন্ত্রীরা বলছেন, বদির বিরুদ্ধে অভিযোগ থাকলেও নেই কোনো প্রমাণ।
মাদকবিরোধী অভিযানে কাউকে ছাড় দেওয়া হবে না বলে প্রধানমন্ত্রী যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না বলে অভিযোগ আসে এই সমাবেশ থেকে।
শরীফুজ্জামান বলেন, “মাদকের সাপ্লাই চেইনে যারা জড়িত সরকার তাদের ধরছে। কিন্তু পেছনে কারা জড়িত আছে, সেটার অভিযোগ, প্রমাণ থাকলেও সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। তাদের বিচারের আওতায় না এনে সরকার গোপনে নানা তৎপরতা চালাচ্ছে।”
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকার বিরোধী মতের রাজনীতিকদের বন্দুকের ভয় দেখিয়ে ‘মাঠ নিয়ন্ত্রণে’ নিতে চাইছে বলে অভিযোগ করেন তিনি।
গত ৩ জুন পর্যন্ত এ নিয়ে মাদকবিরোধী অভিযানের মধ্যে গত ১৪ দিনে নিহতের সংখ্যা দাঁড়ালো ১২৪ জনে।
গত বছর দায়িত্বে অবহেলা, শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচরণের অভিযোগে সাত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে।
কদিন আগে চট্টগ্রামের বোয়ালখালী থানায় আইনজীবী সমর কৃষ্ণ চৌধুরীকে ইয়াবা ব্যবসার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করলে তার সত্যতা নিয়েও উঠে প্রশ্ন। এর আগে ২০১৬ সালে ত্রাণ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তার ছেলেকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ নিয়েও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে বারবার।
চলমান মাদকবিরোধী অভিযানে নিহতদের পরিবারও দাবি করছে, আইনশৃঙ্খলা বাহিনী মাদক ব্যবসায়ী বলে ফাঁসিয়ে দিয়ে ক্রসফায়ারে দিচ্ছে ‘নিরীহদের’।
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে সমাবেশে সমালোচনা করেন গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ও আইনজীবী জীবনানন্দ জয়ন্ত।
কক্সবাজারের কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় অডিও টেপ প্রকাশের পর মাদকবিরোধী অভিযানের নানা প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সরকারদলীয় নেতারা।
এই ইস্যুকে টেনে এনে প্রকাশক রবিন আহসান বলেন, “পাখির মতো মানুষ হত্যা করা হচ্ছে ক্রসফায়ারে নামে। অভিযোগের সত্যতা আছে কি নেই, তা আর দেখার প্রয়োজন নেই। বিএনপি সরকারের আমলে অপারেশন ক্লিন হার্ট ও আজকের ক্রসফায়ার- দুইয়ের মধ্যে তফাত কোথায়? মাদকের মূল হোতাদের ধরতে না পারলে তারা নেটওয়ার্ক পরিবর্তন করবে। একদিন সারা দেশে আরো বিস্তৃত আকারে ছড়িয়ে পড়বে।”
‘বিনা বিচারে হত্যাকে না বলুন, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করুন, বিচার করুন’- শিরোনামে এই সমাবেশে আরো বক্তব্য দেন উদীচীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন।
সরকারের মাদকবিরোধী অভিযানে নিরীহ মানুষ হত্যার বিপরীতে দশ জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব একটি বিবৃতি পাঠালেও তাকে যথেষ্ট বলে মনে করছেন না লেখক রাখাল রাহা।
তিনি বলেন, “রাষ্ট্র যখন নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, তখন তার বিপরীতে সমাজের সংবেদনশীল অংশ তথা কবি-সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের পাল্টা আওয়াজ তুলতে হবে। অন্যায়ের বিরুদ্ধে জাগাতে হবে দেশকে।”
