২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটে বৈষম্য ও দুর্নীতি কমানোর পদক্ষেপ নেই: জাসদ

প্রস্তাবিত বাজেটে ক্রমবর্ধমান আর্থ-সামাজিক বৈষম্য কমানো ও ঊর্ধ্বমুখী দুর্নীতি-লুটপাট নিয়ন্ত্রণের বিষয়ে কোনো বক্তব্য নেই বলে মন্তব্য করেছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2018, 09:27 PM

Updated : 19 Aug 2022, 02:09 PM

জাতীয় সংসদে ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেট উত্থাপনের একদিন পর শুক্রবার জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক সংসদ সদস্য নাজমুল হক প্রধান এক যুক্ত বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৮-২০১৯ অর্থবছরের জন্য ৪ লাখ ৬৫ হাজার কোটি টাকার উপস্থাপন করেছেন। নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত এই ব্যয় বিদায়ী ২০১৬-১৭ অর্থবছরের সংশোধিত বাজেটের ২৫ এবং মূল বাজেটের চেয়ে ১৬ শতাংশ বেশি।

বিবৃতিতে জাসদ নেতারা বলেন, এই বাজেটে ’তেলে মাথায় তেল দেওয়া’র নীতি অনুসরণ করে ব্যাংক মালিক ও ধনীদের আয়করের হার প্রভৃতিতে অতিরিক্ত সুবিধা দেয়া হয়েছে।

“রাজস্ব আদায়ের জন্য প্রত্যক্ষ করের হার ও ক্ষেত্র না বাড়িয়ে সাধারণ ক্রেতাদের ওপর পরোক্ষ করের বোঝা অব্যাহত রাখা হয়েছে। বৃহৎ কর ফাঁকি রোধে আরও কার্যকর ব্যবস্থার দাবি না মেনে কালো টাকা সাদা করার কুব্যবস্থা বহাল রাখা হয়েছে।”

বাজেট বিকেন্দ্রীকরণে জেলা বাজেট চালু করার প্রতিশ্রুতি বাস্তবায়নের কোন পদক্ষেপ দেখা যায়নি বলে বিবৃতিতে বলা হয়।

তবে সর্বজনীন পেনশন চালুর প্রতিশ্রুতি, কৃষকের স্বার্থে চাল আমদানির ওপর বর্ধিত কর, সিগারেট-বিড়ির ওপর বর্ধিত কর, ওষুধের কাঁচামাল আমদানি কর কমানো, ক্যান্সার ও কিডনি রোগের ওষুধের আমদনির মূসক রেয়াত, কম্পিউটার সফটওয়্যার ও যন্ত্রপাতির আমদানি কর কমানো, দেশি টায়ার-টিউব প্রস্তুতির কাঁচামালের আমদানি কর কমানো, প্রতিবন্ধী বান্ধব হাসপাতালের কর রেয়াত, পোলট্রি ফিডের উপকরণের আমদানি কর কমানোর পদক্ষেপের প্রশংসাও করা হয় বিবৃতিতে।