২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চটকদার বাজেট গণপ্রতারণামূলক: সিপিবি

২০১৮-১৯ অর্থবছরের বাজেট প্রস্তাবকে ‘চটকদার ও গণপ্রতারণামূলক’ আখ্যায়িত করে সিপিবি বলেছে, ধনীক শ্রেণির ‘স্বার্থরক্ষার গণবিরোধী দলিল এই বাজেট’ গরিব ও মধ্যবিত্তকে আরও দরিদ্র করে দেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2018, 01:59 AM

Updated : 19 Aug 2022, 02:09 PM

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট প্রস্তাব উত্থাপনের পর বিকালে বিবৃতি পাঠায় সিপিবি।

সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলমের এই যৌথ বিবৃতিতে বলা হয়,  “এই বাজেটের আসল লক্ষ্য হল জনগণের ট্যাক্সের টাকায় দেশি-বিদেশি লুটপাটকারীদের পকেট ভারি করা।”

সিপিবি নেতারা বলেন, “এবারের বাজেটের ঘাটতির পরিমাণ (১ লাখ ২৫ হাজার কোটি টাকা) স্মরণকালের সর্বোচ্চ, যা জিডিপির ৫ শতাংশ। এই বিপুল পরিমাণ বাজেট ঘাটতি মেটানোর জন্য ভবিষ্যত প্রজন্মের কাঁধে বিশাল ঋণের বোঝা চাপিয়ে দিয়ে বাজেটের পরিমাণকে ৪ লাখ ৬৫ হাজার কোটি টাকা করা হয়েছে।”

কয়েকটি মেগা প্রজেক্টের জন্য বড় বাজেটের থোক বরাদ্দ থাকলেও স্থানীয় সরকারের জন্য ৩৩ শতাংশ থোক বরাদ্দ না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

শিক্ষা-স্বাস্থ্য-কর্মসংস্থান খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানালেও তা অগ্রাহ্য করায় তাতে সাধারণ মানুষকে ‘ধোঁকা দেওয়া হয়েছে’ বলেও অভিযোগ করেন সিপিবি নেতারা।

বিবৃতিতে বলা হয়, “কালো টাকা সাদা করার সুযোগ এবারও অব্যাহত রাখার মাধ্যমে অর্থনীতিতে লুটপাটের ধারা আরও জোরদার করার ব্যবস্থা করা হয়েছে। ধনীকে আরও ধনী, গরিবকে আরও গরিব, শ্রম বৈষম্য বৃদ্ধি করা, সামাজিক অস্থিরতা ও নৈরাজ্য বৃদ্ধি করা হবে এই বাজেটের ফলাফল।”

প্রস্তাবিত বাজেট প্রত্যাহারের দাবিতে শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ডেকেছে সিপিবি ও বাসদ।