২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট জনকল্যাণমূলক হবে না: রিজভী

বর্তমান সরকারকে গণবিরোধী অভিহিত করে তাদের কাছ থেকে জনকল্যাণমূলক বাজেট পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2018, 04:30 PM

Updated : 19 Aug 2022, 02:08 PM

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “গণবিরোধী সরকারের কাছ থেকে জনকল্যাণমুখী বাজেট প্রত্যাশা কেউ করতে পারে না। এরা গণবিরোধী সরকার, জনসম্পৃক্ত ও জনকল্যাণমূলক বাজেট দেবে- এটার কোনো কারণ নেই।”

“তারপরেও দেখি আমরা। বাজেট উপস্থাপন হোক। বাজেটের আদি-অন্ত বিশ্লেষন করে কী ফুটে উঠে তার ওপর ভিত্তি করে দেখে আমরা প্রতিক্রিয়া জানাব।”

মঙ্গলবার চলতি দশম জাতীয় সংসদের একবিংশতম অধিবেশন শুরু হয়েছে। এ অধিবেশনেই আগামী ৭ জুন আসন্ন ২০১৮-১৯ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

গত দশ বছরে দ্রব্যমূল বাড়েনি বলে সম্প্রতি অর্থমন্ত্রী যে বক্তব্য তার প্রতিক্রিয়ায় রিজভী বলেন, “রবি ঠাকুরের ওই গানটা নিশ্চয়ই সবার মনে আছে- কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্নলোকের চাবি। এই স্বপ্নলোকের চাবি আছে আপনার অর্থমন্ত্রীর কাছে। তাই এই ধরনের উদ্ভট কথাবার্তা বলেন আর কি।”

পশ্চিবঙ্গের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত- ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রতিদান চেয়েছেন’ শীর্ষক সংবাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “ভারতের পত্রিকায় যে প্রতিদানের কথা বলা হয়েছে তা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে প্রভাব খাটানোর ইঙ্গিত। এ বিষয়টি আমাদের সবাইকে চিন্তা করতে হবে।”

গণভবনে সোমবার রাজনীতিবিদের সন্মানে ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যেরও সমালোচনা করেন বিএনপির এই নেতা।

ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, “বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। আমাদের গণতন্ত্র সুদৃঢ়, মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়েছে। অর্থনীতির ভিত্তিও যথেষ্ট শক্তিশালী।”

রিজভী বলেন, “অবৈধ সরকারের প্রধানমন্ত্রীর বক্তব্য বাংলাদেশের জনগণের সঙ্গে একেবারেই এটা ডাহা তামাশা এবং মস্করা। এটা যে একেবারে পেছন দিকের অন্ধকারের অতলে এগিয়ে যাচ্ছে সেটা জনগণ জানে। নিশ্চয় অবৈধ সরকারের প্রধানমন্ত্রী সেটা বলবেন না।

“আর গণতন্ত্রের কথা বলেছেন। গণতন্ত্র এখন ক্রসফয়ারতন্ত্রের বেড়াজালে আবদ্ধ।”

তিনি বলেন, “বর্তমান সরকারের উন্নয়ন শুধু সাইনবোর্ড ও বিলবোর্ডে শোভা পায়। দেশের সড়ক-মহাসড়ক ও গ্রামীণ সড়ক মিলে ৮৫ হাজার কিলোমিটার সড়কের বেহাল দশা বিরাজ করছে।

“সড়কের খানাখন্দ ও আর দুর্ভোগের আশঙ্কায় লাখ লাখ মানুষ ঈদে বাড়ি যেতে পারবে কিনা তারা চিন্তিত হয়ে পড়েছে। তারা বিকল্পভাবে বাড়ি যেতে ট্রেনের টিকিটের পিছনে ছুটছে, সেখানেও পাচ্ছে না কাঙ্ক্ষিত টিকেট। সরকারের বেপরোয়া লুটপাটের নীতির কারণেই সড়ক-মহাসড়কের দুদর্শা কাটছে না, ঈদের প্রাক্কালে ঘরে ফিরতে চরম দুর্গতির জন্য এই সরকারের প্রতি আমরা ধিক্কার জানাই যে, মানুষকে নু্ন্যতম কোনো সেবা প্রদান তারা দিতে পারে না।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, বেলাল আহমেদ, সামসুজ্জামান সুরুজ, আমিনুল ইসলাম, উলাম দলের এম এ মালেক, শাহ নেসারুল হক প্রমুখ।