মাদকের ‘রাঘব বোয়ালদের’ নিয়ে সংশয় মেননের
মাদক নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগের প্রশংসা করলেও হোতারা ‘ধরা না পড়ায়’ এ অভিযানের সাফল্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন সরকারের সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
তিনি বলেছেন, মাদক নির্মূল করতে হলে রাজনৈতিক ও সামাজিক উদ্যোগে গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি।
বৃহস্পতিবার ঢাকা-৮ আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক ও কাউন্সিলর এবং পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ‘মাদক ও সন্ত্রাসবিরোধী’ মতবিনিময় সভায় মেননের এমন বক্তব্য আসে বলে ওয়ার্কার্স পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মেনন বলেন, “মাদক নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সরকারি উদ্যোগ প্রশংসনীয় হলেও সংশয় থেকে যাচ্ছে রাঘব বোয়ালদের গ্রেপ্তার না করা নিয়ে। মাদকের উৎসমুখ বন্ধ করার পরিকল্পনাটিও স্বচ্ছ নয়।”
মাদক চোরাকারবারিদের ‘মাদক সন্ত্রাসী’ আখ্যায়িত করে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, এদের শেকড় উৎপাটন করতে হলে কোনো চাপের কাছে নতি স্বীকার না করে মূল অপরাধী চক্রকে খুঁজে বের করে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে মাদকবিরোধী অভিযান শুরুর পর এ পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয়েছে শতাধিক। পুলিশ ও র্যাব যেভাবে এ অভিযান চালাচ্ছে, তা নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্র সরকার উদ্বেগ প্রকাশ করেছে।
অভিযোগ উঠেছে, মাদক পাচারের হোতা যারা, তাদের অভিযানের আওতায় আনা হচ্ছে না। এক্ষেত্রে কক্সবাজারে আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুর রহমান বদির নামও গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনের বরাতে গণমাধ্যমে আসছে।
মেনন বলেন, “রাজনৈতিক ও সামাজিক উদ্যোগই মাদককে নির্মূল করতে পারে। সমাজের সকল স্তরের মানুষ ও বিশেষ করে রাজনৈতিক নেতা-কর্মী ও জনপ্রতিনিধিদের দৃঢ় ও সক্রিয় ভূমিকা নিতে হবে।”
ঢাকার পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে এ সভায় মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর গোলাম আশরাফ তালুকদার, রমনা থানা আওয়ামী লীগের সভাপতি সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শাহজাহানপুর থানা সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক আব্দুল মুকিদ হাওলাদার হৃদয়, পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক আবুল, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মোস্তবা জামান পপি, শাহবাগ থানা সভাপতি জি এম আতিক, সাধারণ সম্পাদক এম এ হামিদ খান উপস্থিত ছিলেন।
